Advertisement
Us Bangla Airlines
তামিমকে ‘ভারতীয় দালাল’ বলার ইস্যুতে যা বললেন শান্ত

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলার ইস্যুতে যা বললেন শান্ত

খেলা ডেস্ক

০৯ জানুয়ারি ২০২৬, ২২:৪৩

তামিম ইকবালের মতো একজন ক্রিকেটারকে ‘দালাল’ বলা নাজমুল হোসেন শান্তর কাছে শুধু অপ্রত্যাশিতই নয়, গভীরভাবে দুঃখজনকও। বিসিবি পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলামের করা মন্তব্য নিয়ে সংবাদ সম্মেলনে নিজের অবস্থান স্পষ্ট করলেন রাজশাহী ওয়ারিয়র্স অধিনায়ক।

বিপিএলে দিনের প্রথম ম্যাচে নাটকীয় লো স্কোরিং থ্রিলারে রাজশাহী ওয়ারিয়র্সকে শেষ বলে ২ উইকেটে হারায় চট্টগ্রাম রয়্যালস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রাজশাহীর প্রতিনিধি হিসেবে আসেন শান্ত। ম্যাচের আলোচনা ছাড়িয়ে তখন আলোচনার কেন্দ্রে চলে আসে তামিম ইকবালকে নিয়ে বোর্ড পরিচালকের ফেসবুক মন্তব্য।

এক ফেসবুক পোস্টে বিসিবি পরিচালক নাজমুল ইসলাম তামিম ইকবালকে সরাসরি ‘ভারতের দালাল’ হিসেবে আখ্যা দেন। বিষয়টি নিয়ে শান্ত বলেন,‘তামিম ইকবালের মতো একজন ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্য করা খুবই দুঃখজনক।’ এই ইস্যুতে চারবার দুঃখজনক শব্দটি উচ্চারণ করলেন শান্ত।

এই ইস্যুতে শান্ত আরও বলেন, ‘আমরা এমন একজনকে নিয়ে কথা বলছি, যিনি সাবেক অধিনায়ক এবং বাংলাদেশের অন্যতম সফল ক্রিকেটার। ক্রিকেটার সফলও হতে পারে, ব্যর্থও হতে পারে—কিন্তু সম্মানটা সবার প্রাপ্য। এত বড় একজন ক্রিকেটার, যিনি দেশের হয়ে এত কিছু করেছেন, তাকে নিয়ে এ ধরনের কথা বলা সত্যিই কষ্টের।’

ক্রিকেট বোর্ডের ভূমিকা নিয়েও নিজের প্রত্যাশার কথা তুলে ধরেন শান্ত। তিনি আরও বলেন, ‘ক্রিকেট বোর্ড তো আমাদের অভিভাবক। আমরা ঘরের মানুষের কাছ থেকেই প্রত্যাশা করি তারা আমাদের আগলে রাখবে। একজন ক্রিকেটার হিসেবে আমি এটা প্রত্যাশা করি না যে, আমাদের নিয়ে প্রকাশ্যে এমন মন্তব্য হবে।’

উদাহরণ টেনে শান্ত আরও যোগ করেন, ‘আমি যদি বাবা-মায়ের কথা বলি, তারা ভুল করলে ঘরের ভেতর বকাবকি করবে, মানুষের সামনে নয়। এখানে এমন একজন মানুষ এমন মন্তব্য করলেন, যিনি আমাদের অভিভাবক। একজন প্লেয়ার হিসেবে এটা আমি মেনে নিতে পারছি না। কেন, কী কারণে এই মন্তব্য এসেছে আমি জানি না।’

এমআই