পিএসএলে খেলতে নিবন্ধন করেছেন মোস্তাফিজসহ ১০ বাংলাদেশি
খেলা ডেস্ক
০৬ জানুয়ারি ২০২৬, ২২:৪৭
আইপিএলের মঞ্চে শেষ পর্যন্ত দেখা না গেলেও থেমে থাকছেন না মোস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা থাকলেও টুর্নামেন্ট শুরুর আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে আইপিএল স্কোয়াড থেকে বাদ পড়েন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। সেই সিদ্ধান্ত মেনেই তাকে না রাখার ঘোষণা দেয় কলকাতা কর্তৃপক্ষ।
আইপিএলের দরজা বন্ধ হতেই মোস্তাফিজের সামনে খুলে গেছে নতুন সম্ভাবনার জানালা। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলবেন এই বাঁহাতি পেসার। ইতোমধ্যে পিএসএলে নিবন্ধনও সেরেছেন কাটার মাস্টার মোস্তাফিজ। টুর্নামেন্টটির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে আজ তাকে স্বাগত জানানো হয়েছে।
ফেসবুক পেইজে লেখা হয়, ‘ব্যাটাররা সাবধান—নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন ফিজ। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।’

সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান জানিয়েছে, পিএসএল ১১-এর জন্য বিদেশি ক্রিকেটারদের নিবন্ধন কার্যক্রম চলছে এবং আগামী ২০ জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশনের সুযোগ থাকবে। সেই তালিকায় ইতোমধ্যে নাম লিখিয়েছেন মোস্তাফিজ, সাকিব, তাসকিন, রিশাদ, তানজিদ তামিমসহ মোট ১০ জন বাংলাদেশি ক্রিকেটার।
এবারের পিএসএল শুরু হবে ২৩ মার্চ, যেদিন আইপিএলের পর্দা উঠবে। ৮ দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট চলবে ৩ মে পর্যন্ত। সূচির এই মিল কাকতালীয় হলেও, মোস্তাফিজের জন্য এটি এক নতুন চ্যালেঞ্জ ও সুযোগের গল্প। গেল আসলে মোস্তাফিজ দল না পেলেও এবারের আসরে বেশ সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালে পিএসএল খেলেছিলেন মোস্তাফিজুর রহমান। লাহোর কালান্দার্সের হয়ে সেবার ৫ ম্যাচে নিয়েছিলেন ৪ উইকেট। সাত বছর পর আবারও পিএসএলের মঞ্চে ফিরতে যাচ্ছেন তিনি। দুর্দান্ত ফর্মে থাকা মোস্তাফিজের জন্য পিএসএল হতে যাচ্ছে নতুন পরিচয়ের মঞ্চ।
এমআই