Advertisement
Us Bangla Airlines
টানা তিন ম্যাচ হেরে যা বললেন রংপুরের কোচ

টানা তিন ম্যাচ হেরে যা বললেন রংপুরের কোচ

খেলা ডেস্ক

১২ জানুয়ারি ২০২৬, ২৩:১২

তারকা ছড়ানো দল, উড়ন্ত সূচনা—সবই ছিল রংপুর রাইডার্সের পক্ষে। কিন্তু বিপিএলের মঞ্চে বাস্তবতা বড়ই নির্মম। শেষ তিন ম্যাচে টানা হারের ধাক্কায় প্লে-অফের সমীকরণ জটিল হয়ে উঠেছে রংপুরের জন্য। সমর্থকদের হতাশা বাড়লেও, প্রধান কোচ মিকি আর্থার দেখছেন পরিস্থিতিকে ভিন্ন চোখে।

সিলেট পর্বে রংপুরের আর কোনো ম্যাচ নেই। সামনে ঢাকা পর্বে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন আর্থার। হ্যাটট্রিক হারের রংপুর কোচ বলেন, ‘আমরা যতটা ভালো খেলা দরকার, ততটা খেলিনি। খুবই খারাপ খেলেছি, আর এজন্যই হেরেছি। বেসিকের অভাব ছিল, পরিস্থিতি বুঝতে পারিনি। এটাই আমাকে সবচেয়ে বেশি হতাশ করেছে।’

তারকা খেলোয়াড়ে ভরা দল হলেও মাঠে সেই ঝলক দেখা যাচ্ছে না। এ কথাও মেনে নিয়ে তিনি বলেন, ‘আমাদের ভালো খেলোয়াড় আছে, কিন্তু তাদের দায়িত্ব নিতে হবে। আমরা যদি জ্বলে উঠতে পারি, তাহলে খুবই ভালো দল। কিন্তু সেটা মাঠে প্রমাণ করতে হবে।’

দলের আত্মবিশ্বাসে যে চিড় ধরেছে, সেটিও আড়াল করেননি রংপুর কোচ। ‘এটা পুরোপুরি আত্মবিশ্বাসের ব্যাপার। প্রথম পাঁচ ম্যাচের পর আমরা যেন উড়ছিলাম। এরপর কয়েকটা ম্যাচ হারতেই আবার চাপ তৈরি হলো,’—যোগ করেন তিনি।

বিদেশি তারকাদের অফ ফর্ম কি টানা হারের অন্যতম কারণ? এমন প্রশ্নে আর্থারের উত্তর ছিল স্পষ্ট, ‘হ্যাঁ, এটা একটা কারণ। তারা চেষ্টা করছে, কিন্তু হয়তো প্রত্যাশিত পারফরম্যান্স আসছে না। তবু বিশ্বাস করি, পরের ম্যাচে সেরা দলটাই খেলবে এবং টুর্নামেন্টের শেষ পর্যন্ত লড়বে। আশা করি ট্রফিও ছোঁয়া যাবে।’

তবে কাজটা যে সহজ নয়, সেটাও জানেন রংপুর কোচ। তিনি আরও বলেন, ‘এই কন্ডিশনে ব্যাটিং অর্ডার ও সেরা কম্বিনেশন ঠিক করা কঠিন। তবে ঢাকায় গেলে ফাহিম আশরাফকে ফিরে পাব। এতে দলে ভারসাম্য আসবে। ১৬ তারিখ আমাদের সেরা একাদশ নামবে। আশা করি তখন ছবিটা বদলাবে।’

এমআই