সহযোগী দেশের ক্রিকেটারদের ভিসা দিচ্ছে না ভারত!
খেলা ডেস্ক
০৬ জানুয়ারি ২০২৬, ২১:৩১
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে যখন মাঠের লড়াইয়ের প্রস্তুতি চলছে, ঠিক তখনই মাঠের বাইরের এক জটিলতায় উত্তাল ক্রিকেট বিশ্ব। ভারত-পাকিস্তান রাজনৈতিক টানাপোড়েনের সরাসরি প্রভাব পড়েছে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া একাধিক সহযোগী দেশের ওপর। ভিসা জটিলতায় আটকে আছেন বিভিন্ন দলে খেলা পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটাররা।
সম্প্রতি আইসিসি ইভেন্ট খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই সামনে এলো নতুন সংকট। যুক্তরাষ্ট্র, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইতালি ও কানাডা দলে থাকা পাকিস্তানি বংশোদ্ভূত একাধিক ক্রিকেটার এখনো ভারতের ভিসা পাননি।
সংশ্লিষ্ট বোর্ডগুলো বিষয়টি জানিয়ে ইতোমধ্যে আইসিসি ও বিসিসিআইকে চিঠি দিলেও এখনো কোনো আনুষ্ঠানিক সমাধান আসেনি। আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। হাতে সময় মাত্র এক মাস। ফলে দিন যত গড়াচ্ছে, ততই বাড়ছে অনিশ্চয়তা ও উদ্বেগ।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপারের প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচটি বোর্ড একযোগে আবারও আইসিসির কাছে চিঠি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। দ্রুত ভিসা সমস্যার সমাধান চায় তারা। এই সংকটের পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে ভারত-পাকিস্তান সম্পর্কের তীব্র অবনতি।
২০২৫ সালের মার্চে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে আরও জটিলতা তৈরি হয়। এরই ধারাবাহিকতায় পাকিস্তানের সঙ্গে যোগাযোগ ও ভিসা প্রদানে কঠোরতা আরোপ করে ভারত, যার সরাসরি প্রভাব পড়েছে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ওপর।
এমআই