Advertisement
Us Bangla Airlines
বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯

বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

খেলা ডেস্ক

০২ জানুয়ারি ২০২৬, ২১:৩৮

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই আসরে বাংলাদেশের যুবাদের নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম। দলের ডেপুটি অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ওপেনার জাওয়াদ আবরার।

জিম্বাবুয়ে ও নামিবিয়া যৌথভাবে এবারের বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। গেল বছর জিম্বাবুয়েতে তিন ম্যাচ সিরিজ খেলে সব ম্যাচেই জিতেছিল বাংলাদেশ। এমনকি জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজেও চ্যাম্পিয়ন হয়েছিল টাইগাররা।

এরপর ইংল্যান্ডে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ। বৃষ্টির বাধায় সেখানে অধিকাংশ ম্যাচ বাতিল হলেও সিরিজ সমতায় ফিরে টাইগাররা। এরপর ঘরের মাটিতে আফগানিস্তান যুব দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে জয়ের দেখা পায় তামিমের দল।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ ম্যাচের ওয়ানডে সিরিজও জিতেছিল বাংলাদেশ। তবে সম্প্রতি যুব এশিয়া কাপে প্রত্যাশার পারদ জ্বালাতে পারেনি যুব টাইগাররা। গত দুই আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন হলেও এবার সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে তারা।

এদিকে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার আল ফাহাদ। এশিয়া কাপে আচমকা দলে ডাক পাওয়া শেখ পারভেজ জীবনকেও রাখা হয়েছে বিশ্বকাপ দলে। তবে ১৫ জনের দলে জায়গা মিলেনি দেবাশীষ দেবার।

বাংলাদেশের যুবাদের স্কোয়াড: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার, সামিউন বশির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, শাহরিয়া আল আমিন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অ্যালিন, রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, আল ফাহাদ, শাহরিয়া আহমেদ, ইকবাল হোসেন ইমন।

স্ট্যান্ডবাই খেলোয়াড়: আব্দুর রহিম, দেবাশীষ সরকার, রাফি উজ জামান রাফি, ফারহান শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, সানজিদ মজুমদার, মোহাম্মদ সবুজ

এমআই