Advertisement
Us Bangla Airlines
১০৩১ রান ও ১৭৯ উইকেটের মালিককে দলে নিল সিলেট

১০৩১ রান ও ১৭৯ উইকেটের মালিককে দলে নিল সিলেট

খেলা ডেস্ক

১৩ জানুয়ারি ২০২৬, ২৩:১২

বিপিএল মাতাতে আসছেন ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার ক্রিস ওকস। টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে ১০৩১ রান ও বল হাতে ১৭৯ উইকেট শিকার করেছেন তিনি। গুঞ্জন ছিল, চলতি আসরে সিলেট টাইটানসের জার্সিতে খেলবেন এই ইংলিশ তারকা। এবার সেটা সত্যি করে আনুষ্ঠানিক ঘোষণা দিল সিলেটের উপদেষ্টা ফাহিম চৌধুরী।

ইতিমধ্যেই প্লে-অফ নিশ্চিত করা সিলেট টাইটানসের শক্তি বাড়াতে বড় নাম হিসেবে যুক্ত হচ্ছেন ওকস। বিশ্ব ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিয়মিত মুখ তিনি। আইপিএল, বিগ ব্যাশ, আইএলটি-টোয়েন্টির মতো টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা রয়েছে ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডারের। এবার সেই অভিজ্ঞতার ঝলক দেখা যাবে বিপিএলেও।

ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন ক্রিস ওকস। জাতীয় দলের জার্সিতে জিতেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ—যা তার ক্যারিয়ারের বড় অর্জনগুলোর একটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৩ ম্যাচে ব্যাট হাতে ১২৫.৬৪ স্ট্রাইক রেটে করেছেন ১৪৭ রান, বল হাতে নিয়েছেন ৩১ উইকেট।

সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ওকস খেলেছেন ১৭০ ম্যাচ। ব্যাট হাতে ১২৮.৫৫ স্ট্রাইক রেটে করেছেন ১০৩১ রান, আর বল হাতে শিকার করেছেন ১৭৯ উইকেট। সংখ্যাগুলোই বলে দেয়, দুই বিভাগেই কতটা কার্যকর তিনি।

সিলেট টাইটানসের স্কোয়াডে এরই মধ্যে আছেন ইংলিশ তারকা মঈন আলী। বিদেশি ক্রিকেটারদের তালিকায় আরও রয়েছেন আজমতউল্লাহ ওমরজাই, ইথান ব্রুকস ও সালমান ইরশাদ। সেই তালিকায় ক্রিস ওকসের সংযোজন নিঃসন্দেহে দলটির ভারসাম্য ও গভীরতা আরও বাড়াবে।

মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে সিলেট টাইটানস সিলেট পর্ব শেষ করেই প্লে-অফ নিশ্চিত করেছে। গতকাল রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে ৯ ম্যাচে ৫ জয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে দলটি। এর আগে প্লে-অফে জায়গা করে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস।

এমআই