বিপিএলে এমন রেকর্ড আগে করেনি কেউ!
খেলা ডেস্ক
০২ জানুয়ারি ২০২৬, ১৮:৪৯
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে দাপট দেখিয়েছে চট্টগ্রাম রয়্যালস। জয় পাওয়া ম্যাচে শুধু বোলাররা নন, সমান আলো কাড়লেন চট্টগ্রামের উইকেটরক্ষক অ্যাডাম রশিংটন। ঢাকা ক্যাপিটালসকে মাত্র ১২২ রানে গুটিয়ে দেওয়ার ম্যাচে গ্লাভস হাতে ইতিহাস লিখেছেন এই ইংলিশ উইকেটরক্ষক।
ম্যাচে মোট পাঁচটি ডিসমিসালে সরাসরি অবদান রাখেন রশিংটন। এর মধ্যে ছিল একটি রান আউট ও চারটি স্ট্যাম্পিং, আর তাতেই গড়ে ওঠে বিশ্বরেকর্ড। টি-টোয়েন্টি ক্রিকেটে এক ম্যাচে সর্বোচ্চ চারটি স্ট্যাম্পিংয়ের কীর্তিতে যৌথভাবে নিজের নাম তুলে নেন তিনি। বিপিএলে এক ইনিংসে চার স্ট্যাম্পিংয়ের রেকর্ড এবারই প্রথম দেখা গেল।
রশিংটনের আগে এক ম্যাচে চারটি করে স্ট্যাম্পিং করেছিলেন আরও ছয়জন উইকেটরক্ষক। ২০০৪ সালে কাউন্টি ক্রিকেটে গ্লামরগ্যানের হয়ে প্রথম এই কীর্তি গড়েন টনি ফ্রোস্ট। এরপর এই তালিকায় যুক্ত হন দিনেশ কার্তিক, কামরান আকমল, ধীমান ঘোষ, দিনেশ রামদিন ও লাহিরু দাওয়াতাগে। সেই তালিকায় সর্বশেষ নাম রশিংটন।
এই ম্যাচে রশিংটনের স্ট্যাম্পিং উৎসবের শুরু উসমান খানকে দিয়ে। এরপর একে একে তার গ্লাভসে ধরা দেন শামীম হোসেন পাটোয়ারী, সাব্বির রহমান রুম্মন ও ইমাদ ওয়াসিম। দ্রুতগতির পায়ে, হাতের নিখুঁত টাইমিংয়ে ঢাকার ব্যাটসম্যানদের ভুলের সামান্য সুযোগটুকুও কাজে লাগান তিনি।
বিপিএলে এর আগে তিনটি করে স্টাম্পিংয়ের রেকর্ড গড়েছিলেন উমর আকমল ও মোহাম্মদ শেহজাদ। তাদের ছাড়িয়ে সবার ওপরে নাম লেখালেন আরেক বিদেশি উইকেটকিপার।
উল্লেখ্য, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ১২২ রান করে ঢাকা ক্যাপিটালস। লক্ষ্য তাড়ায় নেমে কোনো বাধাই পায়নি চট্টগ্রাম রয়্যালস। ১০ উইকেট ও ৪৪ বল হাতে রেখেই সহজ জয় তুলে নেয় সাগরপাড়ের দলটি।
এমআই