Advertisement
Us Bangla Airlines
বিসিবির নতুন টুর্নামেন্ট বিনামূল্যে দেখার সুযোগ

বিসিবির নতুন টুর্নামেন্ট বিনামূল্যে দেখার সুযোগ

খেলা ডেস্ক

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে না থাকলেও ক্রিকেটের উত্তাপ থামছে না। জাতীয় দলের ক্রিকেটারদের ম্যাচ ফিটনেস ও প্রতিযোগিতামূলক ছন্দ ধরে রাখতে নতুন টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই তিন দলের আসরে ফাইনালসহ মোট ম্যাচ হবে চারটি।

তবে টুর্নামেন্ট ঘিরে নতুন সুখবর দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শিক্ষার্থীরা এসব ম্যাচ বিনামূল্যে মাঠে বসে খেলা দেখতে পারবেন। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ক্লাব হাউজ গ্যালারিতে ফ্রি প্রবেশের জন্য শিক্ষার্থীদের সঙ্গে রাখতে হবে স্কুল বা কলেজের ইউনিফর্ম কিংবা বৈধ আইডি কার্ড।

এই টুর্নামেন্টে লিটন কুমার দাসের নেতৃত্বে গড়া হয়েছে ধুমকেতু একাদশ। কার্যত এটিই জাতীয় দলের ছায়া স্কোয়াড। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডের মধ্যে ১৩ জনই জায়গা পেয়েছেন এই দলে। সে কারণেই ধুমকেতুকে অনেকেই বলছেন ‘আনঅফিসিয়াল জাতীয় দল’।

দুর্বার একাদশের অধিনায়কত্বে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। এই দলে আছেন সাইফ উদ্দিন, নুরুল হাসান সোহানসহ সাম্প্রতিক সময়ে জাতীয় দলে খেলা একাধিক ক্রিকেটার। মোহাম্মদ নাঈম শেখের নাম আলোচনায় থাকলেও ওমরাহ পালনের কারণে তিনি এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন না।

অন্যদিকে তরুণ ও সম্ভাবনাময় ক্রিকেটারদের নিয়ে সাজানো হয়েছে আকবর আলির নেতৃত্বাধীন দুরন্ত একাদশ। চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা চার ক্রিকেটারসহ সাম্প্রতিক সময়ে প্রতিভার ঝলক দেখানো বেশ কয়েকজন তরুণকে এই দলে সুযোগ দিয়েছে বিসিবি।

তিন দলের কোচিং প্যানেলও চূড়ান্ত করা হয়েছে। ধুমকেতু একাদশের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দীন, তাঁর সহকারী হিসেবে থাকছেন মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশের দায়িত্বে মিজানুর রহমান বাবুল, ডেপুটি কোচ তুষার ইমরান। আর দুরন্ত একাদশের কোচ বিপিএলজয়ী হান্নান সরকার, সহকারী হিসেবে থাকছেন রাজিন সালেহ।

আইপিএলের আদলে এই টুর্নামেন্টে চালু করা হচ্ছে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম। ম্যাচের আগে প্রতিদিন বিকেল ৪টা থেকে থাকবে সাংস্কৃতিক আয়োজন, আর সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে মাঠের লড়াই। প্রথম দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান মাতাবেন জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ।

এমআই