Advertisement
Us Bangla Airlines
উইজডেনের বর্ষসেরা একাদশে মোস্তাফিজ

উইজডেনের বর্ষসেরা একাদশে মোস্তাফিজ

খেলা ডেস্ক

১৯ জানুয়ারি ২০২৬, ১৯:০৪

টি-টোয়েন্টি ক্রিকেটে ধারাবাহিকতা আর নিয়ন্ত্রণের নামই যেন মোস্তাফিজুর রহমান। জাতীয় দল হোক কিংবা ফ্র্যাঞ্চাইজি লিগ, গত বছর জুড়েই বল হাতে ছিলেন দুর্দান্ত। সেই পারফরম্যান্সেরই আন্তর্জাতিক স্বীকৃতি মিলল এবার। ক্রিকেটবিষয়ক মর্যাদাপূর্ণ ওয়েবসাইট উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা পেয়েছেন মোস্তাফিজুর রহমান।

স্বীকৃত টি-টোয়েন্টিতে খেলা সব ম্যাচের পারফরম্যান্স বিচার করেই এই একাদশ নির্বাচন করেছে উইজডেনের সম্পাদকীয় দল। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে থাকায় গত বছরের শেষ ভাগে আন্তর্জাতিক ম্যাচের সংখ্যাও বেড়েছিল। তার সঙ্গে যুক্ত হয়েছে বিশ্বের নানা প্রান্তে অনুষ্ঠিত ফ্র্যাঞ্চাইজি লিগগুলো। সব পারফরম্যান্স মিলিয়ে একাদশ গড়েছে উইজডেন।

মোস্তাফিজের পারফরম্যান্সের প্রশংসায় উইজডেন লিখেছে, অন্তত ১৫০ ওভার বল করেছেন এমন বোলারদের মধ্যে ২০২৫ সালে তাঁর বোলিং গড়ের (১৮.০৩) ধারেকাছেও কেউ যেতে পারেননি। কোনো পেসারই তাঁর মতো এতটা মিতব্যয়ী ছিলেন না। স্ট্রাইক রেটে কেবল ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডারই তাঁর চেয়ে এগিয়ে।

বছরজুড়েই রান আটকে রেখে নিয়মিত উইকেট তুলে নিয়েছেন কাটার মাস্টার। সংখ্যাগুলোও বলছে একই গল্প। গত বছর স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪৩ ইনিংসে ৫৯ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। ওভারপ্রতি রান খরচ করেছেন মাত্র ৬.৭৮। স্ট্রাইক রেট ১৫.৯। সেরা বোলিং ৩ উইকেট ১১ রানে।

পুরো বছরে মোস্তাফিজ বল করেছেন ১৫৬.৫ ওভার। অন্যদিকে ক্যারিবিয়ান পেসার জেসন হোল্ডার ২৫০.২ ওভার বল করে ৯৭ উইকেট নিলেও তাঁর গড় ছিল ২১.৪২, স্ট্রাইক রেট ১৫.৪।

দুজন করে বিশেষজ্ঞ স্পিনার, পেসার ও পেস অলরাউন্ডার নিয়ে এই বর্ষসেরা দল সাজিয়েছে উইজডেন। স্পিন বিভাগে ভারতের বরুণ চক্রবর্তী ও ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন। পেস আক্রমণে মোস্তাফিজের সঙ্গী নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। আর পেস অলরাউন্ডার হিসেবে আছেন স্যাম কারেন ও জেসন হোল্ডার।

উইজডেনের বর্ষসেরা একাদশ
অভিষেক শর্মা, ফিল সল্ট, দেভাল্ড ব্রেভিস, স্যাম কারেন, ডনোভান ফেরেইরা, টিম ডেভিড, সুনীল নারাইন, জেসন হোল্ডার, জ্যাকব ডাফি, মোস্তাফিজুর রহমান, বরুণ চক্রবর্তী।

এমআই