ফিক্সিংয়ের অভিযোগ, বিসিবি থেকে সরে দাঁড়ালেন শামীম
খেলা ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৬, ২০:৪৯
ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে উত্তাল দেশের ক্রিকেট অঙ্গন। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মোখলেসুর রহমান শামীম বোর্ডের সব ধরনের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের অবস্থানও পরিষ্কার করেছেন তিনি।
সম্প্রতি দেশের এক ক্রীড়া সাংবাদিকের প্রতিবেদনে শামীমের বিরুদ্ধে ফিক্সিং সংশ্লিষ্টতার অভিযোগ উঠে আসে। প্রতিবেদন প্রকাশের পর থেকেই ক্রিকেট মহলে শুরু হয় জোর আলোচনা ও বিতর্ক। সেই প্রেক্ষাপটেই স্বেচ্ছায় সরে দাঁড়িয়ে তদন্তের পথ সুগম করার কথা জানিয়েছেন তিনি।
রোববার (২৩ জানুয়ারি) নিজের ফেসবুক পোস্টে শামীম বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অডিট কমিটির চেয়ারম্যানসহ আমার সব দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, যেন একটি সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করা যায়। এটি কোনোভাবেই দায় স্বীকার নয়; বরং দেশের ক্রিকেট ও প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ণ রাখার প্রতি আমার দায়বদ্ধতার প্রকাশ।’
দেশের ক্রিকেটের প্রতি নিজের আবেগ ও দায়বদ্ধতার কথাও তুলে ধরেন বিসিবির এই পরিচালক। তিনি লেখেন, ‘বাংলাদেশ ক্রিকেট আমার কাছে শুধু দায়িত্ব নয়; এটি আবেগ, ভালোবাসা ও সম্মানের জায়গা। এই সিদ্ধান্ত নেওয়া কষ্টের হলেও বিশ্বাস করি, ব্যক্তিগত অবস্থানের চেয়ে দেশের ক্রিকেটের সুনাম সবার আগে।’
তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে শামীম আরও বলেন, ‘আমি তদন্তে পূর্ণ সহযোগিতা করবো এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হবে। সবসময় বাংলাদেশের ক্রিকেটের পাশে ছিলাম, আছি, থাকবো।’ তবে এ বিষয়ে বিসিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিস্তারিত বক্তব্য আসেনি।
এমআই