Advertisement
Us Bangla Airlines
হেলিকপ্টারে চড়ে মিরপুরে আসল ২৫ লাখ টাকার ট্রফি

হেলিকপ্টারে চড়ে মিরপুরে আসল ২৫ লাখ টাকার ট্রফি

খেলা ডেস্ক

২৩ জানুয়ারি ২০২৬, ১৭:১৯

বিপিএল ফাইনালের আগে মিরপুরে রীতিমতো রূপকথার আবির্ভাব। আকাশপথে, হেলিকপ্টারে করে শের–ই বাংলা জাতীয় স্টেডিয়ামে নামল এবারের হীরাখচিত বিপিএল ট্রফি। যার ঝলকেই যেন আরও একধাপ বেড়ে গেল ফাইনালের উত্তাপ। দুবাইয়ে সুনিপুণ নকশায় তৈরি এই ট্রফির মূল্য প্রায় ২৫ লাখ টাকা।

শুরু থেকেই আলোচনার কেন্দ্রে থাকা ট্রফিটির মাঠে আগমনও হলো ব্যতিক্রমী আয়োজনে। আজ (শুক্রবার) ফাইনাল ম্যাচের আগে বিকেল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় বহুল প্রতীক্ষিত এই ট্রফি। এরপর দুই পাশে দাঁড়িয়ে ফটোসেশনে অংশ নেন ফাইনালিস্ট দুই দলের অধিনায়ক শেখ মেহেদী ও নাজমুল হোসেন শান্ত।

হেলিকপ্টারে চড়ে মিরপুরে আসল ২৫ লাখ টাকার ট্রফি

লাল কাপড়ে মোড়ানো ট্রফিটি হেলিকপ্টার থেকে নামিয়ে মাঠে নিয়ে আসেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী ও জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। এরপর সেটি রাখা হয় বিশেষ ট্রফি কেসে। রঙিন ফিতা উড়িয়ে ট্রফিকে বরণ করে নেওয়ার মধ্য দিয়ে মুহূর্তটি আরও বর্ণিল হয়ে ওঠে।

ট্রফি উন্মোচন শেষে বিনোদনের ছোঁয়া আনেন তানজিন তিশা, মঞ্চ মাতিয়ে তোলেন ফাইনালের আগের পরিবেশ। তিশার সঙ্গে ছিলেন আরেক জনপ্রিয় মুখ সামান্তা।

আজ সন্ধ্যা ৬টায় শের–ই বাংলায় শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। প্রথম কোয়ালিফায়ারে রাজশাহীকে হারিয়ে ফাইনালে প্রথম দল হিসেবে জায়গা করে নেয় চট্টগ্রাম। পরে এলিমিনেটরে রংপুর রাইডার্সকে হারানো সিলেট টাইটান্সকে পরাজিত করে রাজশাহী নিশ্চিত করে ফাইনালের টিকিট।

এমআই