Advertisement
Us Bangla Airlines
১৯১ রান করে বিশ্বরেকর্ড গড়লেন ইংলিশ ব্যাটার

১৯১ রান করে বিশ্বরেকর্ড গড়লেন ইংলিশ ব্যাটার

খেলা ডেস্ক

২১ জানুয়ারি ২০২৬, ২৩:০২

ডাবল সেঞ্চুরির হাতছানি ছিল চোখের সামনে। শেষ পর্যন্ত সেখানে পৌঁছাতে না পারলেও ইতিহাসের পাতায় নাম লিখিয়ে মাঠ ছাড়লেন বেন মেইস। রেকর্ড গড়া এক ইনিংসে যুব ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডকে প্রথমবারের মতো ৪০০ রানের ঘরে পৌঁছে দিলেন এই ইংলিশ ব্যাটার।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বুধবার স্কটল্যান্ডের বিপক্ষে তিন নম্বরে নেমে ১১৭ বলে ১৯১ রান করেন মেইস। তার ঝলমলে ইনিংসটি সাজানো ছিল ১৮টি চার ও ৮টি ছক্কায়। আগ্রাসী ব্যাটিংয়ে শুরু থেকেই প্রতিপক্ষ বোলারদের ওপর চড়াও হন তিনি। যুব ওয়ানডেতে এটি ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

এর আগে রেকর্ডটি ছিল ড্যান লরেন্সের দখলে, ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ১৫০ বলে ১৭৪ রান করেছিলেন তিনি। সব দেশ মিলিয়ে যুব ওয়ানডেতে মেইসের চেয়ে বড় ইনিংস খেলেছেন কেবল দুজন ব্যাটার। এই ফরম্যাটে একমাত্র ডাবল সেঞ্চুরির মালিক দক্ষিণ আফ্রিকার ইউরিখ ফন স্কালভিক।

হারারেতে ম্যাচের তৃতীয় ওভারে ব্যাট হাতে নেমেই আক্রমণের সুর চড়ান ১৮ বছর বয়সী মেইস। মাত্র ৩২ বলে ফিফটি এবং ৬৫ বলে শতক পূর্ণ করেন তিনি। যুব ওয়ানডেতে যা তার প্রথম সেঞ্চুরি। এরপরও থামেননি। ৯৮ বলে পৌঁছে যান দেড়শ রানে। ১১৯ রানে একবার জীবন পেলেও সেটির পুরো সদ্ব্যবহার করেন মেইস। 

একসময় মনে হচ্ছিল, যুব বিশ্বকাপের ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরিও হয়তো দেখা যাবে। তবে ৪৬তম ওভারে ম্যাক্স চ্যাপলিনের বলে রিভার্স সুইপ করতে গিয়ে কট বিহাইন্ড হয়ে থামে তার অবিশ্বাস্য ইনিংস। ডাবল সেঞ্চুরি না হলেও ১৯১ রানের এই ইনিংসেই ইংল্যান্ডের হয়ে বিশ্বরেকর্ড গড়ে দিলেন বেন মেইস।

এমআই