Advertisement
Us Bangla Airlines
শ্রীলঙ্কাকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বাংলাদেশ

শ্রীলঙ্কাকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বাংলাদেশ

খেলা ডেস্ক

২১ জানুয়ারি ২০২৬, ১৭:০২

থাইল্যান্ডের ব্যাংককে চলমান সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে বাংলাদেশের জয়রথ থামছেই না। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছিল পুরুষ দল, আর আজ একই প্রতিপক্ষকে হারিয়ে দাপট দেখাল নারী দল। দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে সাবিনা খাতুনের দল। তাতে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠেছে বাংলাদেশ।

ম্যাচের শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য ছিল হতাশার। প্রথম কয়েক মিনিটের মধ্যেই শ্রীলঙ্কা তুলে নেয় দুই গোলের লিড। পিছিয়ে পড়ে হারের শঙ্কায় ভুগেছিল লাল-সবুজের দল। তবে দ্রুতই ম্যাচের দৃশ্যপট বদলে দেন অধিনায়ক সাবিনা খাতুন। কৃষ্ণা রাণী সরকারের নিখুঁত জোগানে জোড়া গোল করে সমতায় ফেরান তিনি।

বিরতির পর দৃশ্যপট পুরো বদলে যায়। গতি, স্কিল আর অভিজ্ঞতার মিশেলে শ্রীলঙ্কার ওপর একচেটিয়া আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। সাবিনার কর্নার থেকে সুমাইয়ার জোরালো শটে লিড নেয় লাল-সবুজরা। এরপর আর পেছনে তাকাতে হয়নি। ম্যাচের শেষ পাঁচ মিনিটে গোলবন্যা বইয়ে দেয় বাংলাদেশ।

সাবিনাকে দুই গোল করানো কৃষ্ণা নিজেই দুর্দান্ত দক্ষতায় করেন দলের চতুর্থ গোল। এরপর সুমাইয়ার শট প্রতিহত হলেও ফিরতি বলে মাসুরার শট জালে জড়ায়। শেষ দিকে কৃষ্ণা আরেকটি গোল করলে ৬-৩ গোলের বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের। যোগ করা সময়ে শ্রীলঙ্কা একটি গোল শোধ দিলেও তাতে ফল বদলায়নি।

সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে অংশ নিচ্ছে সাতটি দেশ। প্রত্যেক দল খেলবে ছয়টি করে ম্যাচ। চার ম্যাচ শেষে বাংলাদেশের নারী দলের সংগ্রহ ১০ পয়েন্ট। সামনে পাকিস্তান ও মালদ্বীপের বিপক্ষে দুটি ম্যাচ বাকি। ছয় ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দলই জিতবে শিরোপা।

এমআই