নিলামের আগে বাদ পড়লেন বাংলাদেশের ২১ ক্রিকেটার
খেলা ডেস্ক
০৩ মার্চ ২০২৬, ২১:৫০
ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট দ্য হানড্রেডের এবারের নিলামে নাম লিখিয়েছিলেন বাংলাদেশের ২৩ ক্রিকেটার। তবে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন মাত্র দুই জন। বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান এবং লেগ স্পিনার রিশাদ হোসেন টিকেছেন এই তালিকায়। বাকি ২১ ক্রিকেটারই নিলাম শুরুর আগেই টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন।
আগামী ১১ ও ১২ মার্চ লন্ডনে শতবলের এই টুর্নামেন্টের নিলাম বসবে। যেখানে মোস্তাফিজুর ভিত্তিমূল্য এক লাখ পাউন্ড, যা সর্বোচ্চ ক্যাটাগরির। রিশাদের ভিত্তিমূল্য ৭৫ হাজার পাউন্ড, যা বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। তিনি স্পিনারদের মধ্যে শীর্ষ পর্যায়ে রয়েছেন।
প্রায় এক হাজার ক্রিকেটার প্রাথমিকভাবে নিলামে অংশ নিতে নাম লিখিয়েছিলেন। তবে প্রাথমিক তালিকা থেকে বাদ পড়েছেন ৪২৫ জন। এর মধ্যে পুরুষ ক্রিকেটার ২৪৭ এবং নারী ক্রিকেটার ১৭৮। ফ্র্যাঞ্চাইজিগুলি পাঠানো ৭৫ থেকে ১০০ জনের তালিকার ভিত্তিতে বড় তালিকাকে সংক্ষেপিত করা হয়েছে।
সুপার এইটের নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করা পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহানও এই সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি। ৪২৫ জনের তালিকায় পাকিস্তানের ১৬ জন ক্রিকেটার থাকলেও ২৯ বছর বয়সী এই তারকার নাম নেই। ফারহান টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক আসরে দুটি সেঞ্চুরি করার রেকর্ড করেছেন।
নিলামের আগে বাদ পড়া ২১ বাংলাদেশি
নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী, লিটন দাস, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, তানজিদ হাসান, সাইফ হাসান, হাসান মাহমুদ, রিপন মণ্ডল, মোহাম্মদ নাঈম, নাহিদ রানা, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন, নাজমুল হোসেন, তাওহীদ হৃদয়, সাব্বির রহমান ও সৌম্য সরকার।
এমআই