শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব ছাড়ছেন জয়সুরিয়া
খেলা ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১১
ভারতের সঙ্গে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কা। নিজেদের ভেন্যুতে ম্যাচ হওয়ায় শ্রীলঙ্কার কাছে ভক্তদের প্রত্যাশা ছিল অনেক বেশি। গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচ জিতে প্রত্যাশার পারদ আরও বাড়িয়েছে দাসুন শানাকার দল। এরপর টানা তিন ম্যাচে পরাজয় হজম করে সুপার এইট থেকেই বিদায়ের পথে শ্রীলঙ্কা।
গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার মতো বড় দলকে উড়িয়ে দিলেও শ্রীলঙ্কার কাছে হেরেছে লঙ্কানরা। ব্যর্থতার ধারাবাহিকতা সুপার এইটেও বজায় রেখেছে সনাৎ জয়সুরিয়ার শিষ্যরা। ইংল্যান্ডের বিপক্ষে ধরাশায়ী হওয়ার পর নিউজিল্যান্ডের কাছে জেতা ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে লঙ্কান লায়নরা। তাতেই সুপার এইট থেকে বিদায় নিশ্চিত হয় শ্রীলঙ্কার।
পাকিস্তানের বিপক্ষে সুপার এইটের শেষ ম্যাচে আজ মাঠে নামবে শ্রীলঙ্কা। নিয়মরক্ষার ম্যাচ শেষ করেই প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করবেন সাবেক তারকা ক্রিকেটার সনাৎ জয়সুরিয়া। লঙ্কান ক্রিকেট বোর্ড সূত্রে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আদা ডেরানা।
জানা যায়, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পদত্যাগ করবেন বলে আগেই ঠিক করে রেখেছিলেন সনাৎ জয়সুরিয়া। এবার সংবাদমাধ্যম আদা ডেরানার সঙ্গে হওয়া কথোপকথনে বিষয়টি পুনরায় নিশ্চিত করেছেন লঙ্কান কোচ। ক্রিকেট বোর্ডের সঙ্গে করা চুক্তির মেয়াদ থাকলেও তিনি আর সেটা চালিয়ে যেতে চাচ্ছেন না।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে ভারত সিরিজের জন্য অস্থায়ী প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন সনাৎ জয়সুরিয়া। পরবর্তীতে একই বছরের শেষের দিকে তিনি পূর্ণকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তার দায়িত্বকালে শ্রীলঙ্কা মোট ৭৪টি ম্যাচ খেলেছে। যেখানে ৩৪ জয়ের বিপরীতে ছিল ৩৮ পরাজয়। পরিত্যক্ত হয়েছে ২ ম্যাচ।
এমআই