Advertisement
Us Bangla Airlines
শিগগিরই মাদ্রাসা ক্রিকেট চালু করতে যাচ্ছে বিসিবি

শিগগিরই মাদ্রাসা ক্রিকেট চালু করতে যাচ্ছে বিসিবি

খেলা ডেস্ক

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৭

দেশের ক্রিকেটের পাইপলাইন শক্ত করতে এবার নতুন পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তৃণমূল থেকে প্রতিভা তুলে আনতে মাদ্রাসা ক্রিকেট টুর্নামেন্ট চালুর ঘোষণা হয়েছিল আগেই। এবার আলোর মুখ দেখতে যাচ্ছে বিসিবির নতুন এই পদক্ষেপ। বোর্ডের ভেতর থেকে এমনই সুখবর মিলেছে।

নতুন পরিচালনা পর্ষদ গঠনের পরই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছিলেন, মাদ্রাসা পর্যায়ে ক্রিকেট চালুর পরিকল্পনা রয়েছে। এবার সেই পরিকল্পনা বাস্তবায়নের ইঙ্গিত দিলেন বোর্ডের পরিচালক আসিফ আকবর। গত ২৩ ফেব্রুয়ারি গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি।

নতুন দায়িত্ব হাতে নিয়েই তিনি জানালেন, আগামী মাস থেকেই শুরু হবে স্কুল ক্রিকেট ও মাদ্রাসা ক্রিকেট। এরপর পর্যায়ক্রমে আয়োজন করা হবে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টও। দেশের অনেক ক্রিকেটার ও কোচের শিকড় মাদ্রাসা শিক্ষায়। ফলে এই অঙ্গনেও রয়েছে বিপুল সম্ভাবনা।

আসিফ আকবর উদাহরণ টেনে বলেন, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতে মাদ্রাসা থেকে বহু ক্রিকেটার উঠে এসেছে। অনেক মাদ্রাসায় বড় মাঠও রয়েছে, যা ক্রিকেট আয়োজনের জন্য উপযোগী। তাই বয়সভিত্তিক পর্যায়ে খেলাটিকে ছড়িয়ে দিতে চায় বিসিবি।

তবে সূচি নির্ধারণে শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়টি গুরুত্ব দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। পরীক্ষা-নিরীক্ষার সময় মাথায় রেখেই ঘোষণা করা হবে চূড়ান্ত সময়সূচি। গুঞ্জন ছিল, টি-টেন ফরম্যাটে এই টুর্নামেন্ট চালু হবে। তবে এ বিষয়ে এখনো কোনো তথ্য দেয়নি বিসিবি।

এমআই