৬০৯০ দিনের পুরনো রেকর্ড ভাঙলেন হেটমায়ার
খেলা ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৬
ক্রিজে পা রেখেই ম্যাচের গতি বদলে দিলেন শিমরন হেটমায়ার। টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনেই ঝড়ো ব্যাটিংয়ে ভেঙে দিলেন ৬০৯০ দিন বা প্রায় ১৭ বছরের পুরনো রেকর্ড। ক্রিস গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম ফিফটির মালিক এখন এই বাঁহাতি ব্যাটসম্যান।
কলকাতার ইডেন গার্ডেন্সে ‘সি’ গ্রুপের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে দশম ওভারে ব্যাটিংয়ে নামেন হেটমায়ার। তখনো ম্যাচে পুরোপুরি নিয়ন্ত্রণ নেয়নি ক্যারিবিয়ানরা। কিন্তু হেটমায়ারের ব্যাট ঘুরতেই পাল্টে যায় দৃশ্যপট। মাত্র ২২ বলে ফিফটি পূর্ণ করে তিনি ভেঙে দেন ক্রিস গেইলের ২০০৯ সালে গড়া ১৭ বছরের পুরনো রেকর্ড।
২০০৯ সালের ৬ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩ বলে অর্ধশতক করেছিলেন ক্যারিবিয়ান দানব ক্রিস গেইল। বিশ্বকাপের মঞ্চে ওয়েস্ট ইন্ডিজের হয়ে এরপর ২৫ বা তার কম বলে ফিফটি করতে পারেনি কোনো ক্রিকেটার। যদিও পুরো টুর্নামেন্টের দ্রুততম ফিফটির রেকর্ড এখনো সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংয়ের, যিনি ১২ বলে ফিফটি করেছিলেন।
স্কটল্যান্ড শুরুটা ভালোই করেছিল। প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজকে আটকে রাখে ৬৬ রানে। কিন্তু মাঝের ওভারগুলোতেই হেটমায়ারের তাণ্ডব। মাইকেল লিস্ক, মার্ক ওয়াট, সাফিয়ান শারিফ ও অলিভার ডেভিডসনের ওপর চালান একের পর এক আক্রমণ। ছক্কা-চারের ফুলঝুরি ছুটিয়ে মাত্র কয়েক মিনিটেই ম্যাচের রাশ নিজের হাতে তুলে নেন তিনি।
রেকর্ড গড়ার পর ইনিংসের গতি কিছুটা কমলেও কাজটা করে ফেলেছিলেন হেটমায়ার। শেষ পর্যন্ত ৩৬ বলে ৬৪ রান করে আউট হন তিনি, ইনিংসজুড়ে ছিল ৬টি ছক্কা ও ২টি চার। তার ব্যাটে ভর করেই ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে তোলে ১৮২ রান, যার মধ্যে শেষ ১০ ওভারেই আসে ১১৬ রান।
এমআই