সাকিব-মাশরাফিকে ফেরার নতুন পথ দেখালেন ক্রীড়া প্রতিমন্ত্রী
খেলা ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৭
বাংলাদেশ ক্রিকেটের দুই উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসান ও মাশরাফি মুর্তাজা আবার কি ফিরবেন দেশের ক্রিকেটে? দীর্ঘ নীরবতা আর আইনি জটিলতার আবরণ ভেদ করে এবার যেন একটুখানি আলোর রেখা দেখা যাচ্ছে। এতদিন নানান গুঞ্জন আর গল্প শোনা গেলেও এবার সেই ইঙ্গিতই দিলেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
২০২৪ সালে সবশেষ জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন সাকিব। তারপর আর লাল-সবুজে দেখা যায়নি তাকে। মামলা সংক্রান্ত জটিলতার কারণে দেশের মাটিতেও পা রাখা হয়নি তার। একবার দেশে ফেরার উদ্যোগ নিয়ে দুবাই পর্যন্ত এসেও শেষমেশ সিদ্ধান্ত বদলাতে হয়েছিল বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।
অন্যদিকে, ২০২৪ সালের আগস্টের পর থেকে জনসম্মুখে নেই সাবেক অধিনায়ক মাশরাফিও। দু’জনকে ঘিরেই তাই ভক্তদের মনে প্রশ্ন, ফেরার দরজা কি একেবারেই বন্ধ?
বুধবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সেই প্রশ্নের জবাব দিলেন প্রতিমন্ত্রী আমিনুল হক। নিজেকে একজন ক্রীড়াবিদ হিসেবেই পরিচয় করিয়ে তিনি বলেন, সাকিব ও মাশরাফি বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার। দেশের মানুষের ভালোবাসা এবং তাদের খেলার প্রতি নিবেদন তিনি কাছ থেকে দেখেছেন।
মিরপুরে আমিনুল বলেন, ‘সাকিব ও মাশরাফি বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার। তাদের প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা আমি দেখেছি, খেলার প্রতি তাদের যে আকৃষ্টতা রয়েছে, আমি একজন ক্রীড়াবিদ হিসেবে মনে করি, তাদের যে মামলা সংক্রান্ত বিষয় রয়েছে সেগুলো রাষ্ট্রীয় সিদ্ধান্ত।’
‘রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা ব্যক্তিগতভাবে তাদের যে উকিল রয়েছেন, তাদের উকিলের মাধ্যমে তারা যেন আইনগত বিষয়গুলো মোকাবেলা করে। তারা যদি নিরপরাধ হয়ে দেশের মাঠে এসে খেলে, সে জায়গাতে আমি একজন ক্রীড়াবিদ হিসেবে আমি তাদেরকে ওয়েলকাম করব’-যোগ করেন আমিনুল।
তিনি আরও বলেন, ‘আপনারা এসে আপনাদের যে মামলাগুলো রয়েছে, সেগুলো মোকাবেলা করেন। যদি নিরপরাধ হন, সবকিছু প্রতিকার করে যদি আপনারা মাঠে আসেন, আমরা মোস্ট ওয়েলকাম (জানাব) তাদেরকে। এইটুকুতে আমরা শতভাগ নমনীয় থাকব, ইনশাআল্লাহ।’
এমআই