Advertisement
Us Bangla Airlines
ফিফা থেকে ৫০ মিলিয়ন ডলার সহায়তা পাচ্ছে গাজাবাসী

ফিফা থেকে ৫০ মিলিয়ন ডলার সহায়তা পাচ্ছে গাজাবাসী

খেলা ডেস্ক

২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৫

ধ্বংসস্তূপের ভেতরেও কখনও কখনও জন্ম নেয় নতুন স্বপ্ন। গাজা উপত্যকায় জাতীয় ফুটবল স্টেডিয়াম নির্মাণে ৫০ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত ‘বোর্ড অব পিস’-এর উদ্বোধনী বৈঠকে আজ ভোরে এ ঘোষণা দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

যুদ্ধবিধ্বস্ত গাজায় যখন আবাসন, পানি, বিদ্যুৎ ও খাদ্যসংকট তীব্র; ঠিক তখনই ফুটবল অবকাঠামো গড়ে তোলার এই প্রতিশ্রুতি আলোচনার কেন্দ্রবিন্দুতে। ফিফা জানিয়েছে, ২০ থেকে ২৫ হাজার দর্শক ধারণক্ষমতার একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণে তারা দেবে ৫০ মিলিয়ন ডলার। পাশাপাশি ১৫ মিলিয়ন ডলারের একটি ফিফা একাডেমি স্থাপন করা হবে।

তৃণমূল পর্যায়ে ফুটবল ছড়িয়ে দিতে ৫০টি ‘মিনি পিচ’ তৈরিতে ব্যয় হবে ২৫ লাখ ডলার এবং পাঁচটি পূর্ণাঙ্গ মাঠ নির্মাণে আরও ৫ মিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে।

গাজা পুনর্গঠনে মোট ৭ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ৯ দেশ। এরা হলো জাখস্তান, আজারবাইজান, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, বাহরাইন, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান ও কুয়েত। আরও পাঁচটি দেশ আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে সেনা পাঠানোর কথাও জানিয়েছে।

ইনফান্তিনো বলেন, ‘শুধু বাড়িঘর, স্কুল, সড়ক বা হাসপাতাল নয়, মানুষের আশা ও বিশ্বাসও পুনর্গঠন করতে হবে। ফুটবল মানে আশা, আনন্দ ও ঐক্য।’

তবে সমালোচনার সুরও কম নয়। গাজার ভয়াবহ মানবিক সংকটে লাখ লাখ মানুষ যখন অস্থায়ী তাঁবুতে বসবাস করছে, তখন ৫০ মিলিয়ন ডলারের আধুনিক স্টেডিয়ামকে অনেকেই দেখছেন অগ্রাধিকারবহির্ভূত বিলাসিতা হিসেবে। প্রশ্ন উঠছে, এই মুহূর্তে গাজার সবচেয়ে জরুরি প্রয়োজন কি নতুন স্টেডিয়াম, নাকি নিরাপদ আশ্রয় ও মৌলিক মানবিক সহায়তা?

এমআই