Advertisement
Us Bangla Airlines
বিসিবির প্রধান নির্বাচক পদে নতুন মুখ

বিসিবির প্রধান নির্বাচক পদে নতুন মুখ

খেলা ডেস্ক

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৭

বাংলাদেশ ক্রিকেটে পরিবর্তনের সুর। নির্বাচক প্যানেলের শীর্ষ আসনে আসছে নতুন অধ্যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নির্বাচকের পদে দেখতে যাচ্ছে নতুন মুখ। সেই নামটিও ক্রিকেটভক্তদের কাছে ভীষণ পরিচিত, সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের চুক্তিতে প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। দায়িত্বকাল শেষ হচ্ছে চলতি মাসেই। বোর্ড চাইছিল মেয়াদ আরও বাড়াতে, কিন্তু পারিবারিক কারণ দেখিয়ে দীর্ঘমেয়াদি চুক্তিতে আগ্রহ দেখাননি লিপু।

ইতোমধ্যে ৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক চিঠি দিয়ে তিনি বিসিবিকে জানিয়ে দিয়েছেন, দায়িত্ব আর বাড়াবেন না। ফলে খুব দ্রুতই শূন্য হতে যাচ্ছে প্রধান নির্বাচকের চেয়ার। এমন প্রেক্ষাপটে বিসিবির নজর গেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক নির্বাচক হাবিবুল বাশারের দিকে।

ক্রিকেট অপারেশন্স বিভাগ থেকেই তাকে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে প্রধান নির্বাচক হওয়া নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেননি বাশার। দায়িত্ব নেওয়ার ব্যাপারে আগ্রহী হলেও কিছুটা সময় চেয়েছেন তিনি।

সবকিছু ঠিকঠাক এগোলে, বাংলাদেশের ক্রিকেটে নির্বাচক প্যানেলের নেতৃত্বে দেখা যেতে পারে নতুন এক পুরনো মুখকে। তার সঙ্গী হিসেবে থাকবেন হাসিবুল হোসেন শান্ত। তৃতীয় নির্বাচক হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদকে প্রস্তাব দেওয়ার গুঞ্জন রয়েছে।

এমআই