ইংল্যান্ডে খেলতে যাচ্ছেন জিম্বাবুয়ের রাজা
খেলা ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৬
একফালি সাফল্যে সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। গেল সপ্তাহে আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে পুনরায় শীর্ষে ওঠেছেন তিনি। আবার তার নেতৃত্বে বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়েছে জিম্বাবুয়ে। এবার এসেছে নতুন সুখবর—টি-টোয়েন্টি ব্লাস্টে তাকে দেখা যাবে উস্টারশায়ারের জার্সিতে।
৩৯ বছর বয়সী এই স্পিনিং অলরাউন্ডার পুরো আসরের জন্যই চুক্তিবদ্ধ হয়েছেন। তিনি বেন ডোয়ার্শিসের জায়গায় দল পেয়েছেন, যিনি এবার আইপিএলের কিংস ইলেভেন পাঞ্জাবে খেলার কারণে টি-টোয়েন্টি ব্লাস্ট থেকে নাম প্রত্যাহার করেছেন। ফলে এই পেস বোলারের পরিবর্তে স্পিনিং অলরাউন্ডার বেছে নিয়েছে উস্টারশায়ার।
রাজার জন্য ইংল্যান্ডের টুর্নামেন্টে খেলা অবশ্য নতুন কিছু নয়। ২০২৪ সালে তিনি নর্থ্যাম্পটনশায়ার হয়ে ৮টি ম্যাচ খেলেছেন। এছাড়া দা হান্ড্রেড টুর্নামেন্টে খেলেছেন মানচেস্টার অরিজিনালসের হয়ে। তবে এবার উস্টারশায়ারের হয়ে পুরো আসর খেলতে তিনি সবচেয়ে বেশি উৎসাহী।
দলটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে রাজা বলেন, ‘এই গ্রীষ্মে উস্টারশায়ার র্যাপিডসে যোগ দেওয়া নিয়ে আমি উচ্ছ্বসিত। টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে আমি সবসময় উপভোগ করি। ইংল্যান্ডে আগে যখনই খেলেছি, অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। এবারও মৌসুম শুরু করতে আর স্কোয়াডে যোগ দিতে আমার মন অত্যন্ত উদগ্রীব।’
উস্টারশায়ার আগের ইতিহাসও তিক্ত-মধুর। ২০১৮ সালে তারা টি-টোয়েন্টি ব্লাস্ট চ্যাম্পিয়ন হয়েছিল, পরের আসরে রানার্স আপ হয়েছিল। তবে শেষ ছয় আসরে মাত্র একবার কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেয়েছে তারা। এবার সিকান্দার রাজার সংযুক্তিতে চমক দেখানোর অপেক্ষায় দলটি।
এমআই