আম্পায়ার সৈকতের সঙ্গে তর্কে জড়িয়ে শাস্তি পেলেন নবী
খেলা ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৭
বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে তর্কে জড়িয়ে শাস্তির মুখে পড়েছেন মোহাম্মদ নবী। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকালের ম্যাচে আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আইসিসির বিবৃতিতে জানানো হয়েছে, নবী প্লেয়ার্স অ্যান্ড প্লেয়ার সাপোর্ট পারসোনেলদের জন্য প্রণীত আচরণবিধির ২.৪ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন। এই অনুচ্ছেদটি আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন আম্পায়ারের নির্দেশ অমান্য করার সঙ্গে সম্পর্কিত। এই ম্যাচে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের সৈকত।
ঘটনাটি ঘটে আফগানিস্তানের ইনিংসের ১৪তম ওভারের শুরুতে। সে সময় দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডির হাতে পরা একটি রিস্টব্যান্ড নিয়ে আম্পায়ারদের সঙ্গে আলোচনায় জড়ান নবী। সেই আচরণই পরে শাস্তিযোগ্য বলে বিবেচিত হয়। পরে ম্যাচ রেফারি তাকে জরিমানা করেন।
প্রোটিয়াদের বিপক্ষে আফগানিস্তান সেই ম্যাচ হারলেও মাঠের লড়াই ছিল রুদ্ধশ্বাস। দুই সুপার ওভারের সেই নাটকীয় ম্যাচে শেষ পর্যন্ত ৪ রানের জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। তবে উত্তেজনায় ভরা ম্যাচের আবহেই আম্পায়ারদের সাথে বিতর্কে জড়িয়ে শাস্তির কবলে পড়েছেন নবী।
এমআই