Advertisement
Us Bangla Airlines
১১৮৮ দিনের পুরোনো রেকর্ড ভাঙল নিউজিল্যান্ড

১১৮৮ দিনের পুরোনো রেকর্ড ভাঙল নিউজিল্যান্ড

খেলা ডেস্ক

১০ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৯

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার পাওয়ার প্লেতে ৫০ রান তুলেছে আরব আমিরাত। অধিনায়ক ওয়াসিমের ফিফটিতে নির্ধারিত ওভার শেষে দলটির সংগ্রহ ১৭৩ রান। নিউজিল্যান্ডের বিপক্ষে এত রান করে লড়াইয়ের ইঙ্গিতই দিয়েছিল দলটি। কিন্তু কিউই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেনের ১১৮৮ দিনের পুরোনো রেকর্ড ভাঙা জুটিতে জয় পায় নিউজিল্যান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৭৪ রানের জবাবে আগ্রাসী শুরু পায় স্যান্টরারের দল। পাওয়ার প্লেতেই ৭৮ রান তুলেন দলটির দুই ওপেনার। শেষ পর্যন্ত মাত্র ১৫.২ ওভারেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তারা। মাত্র ৪২ বলে ৮৯ রানে সেইফার্ট ও ৫০ বলে ৮৪ রানে অ্যালেন অপরাজিত থাকেন।

ওপেনিং জুটিতে সেইফার্ট-অ্যালেন মিলে তোলেন ১৭৫ রান। তাতেই হয়েছে রেকর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যেকোনো উইকেটে এটাই সর্বোচ্চ রানের জুটি। এর আগে রেকর্ডটি ছিল জস বাটলার ও অ্যালেক্স হেলসের দখলে। ২০২২ সালের ১০ নভেম্বর এই দুজন মিলে গড়েছিলেন ১৭০ রানের জুটি।

সময়ের হিসাবে, তিন বছর তিন মাস বা ১১৮৮ দিন পর এই রেকর্ডে নতুন মাত্রা দিলেন সেইফার্ট-অ্যালেন। অবশ্য আগের রেকর্ডটাও ওপেনিং জুটি থেকে হয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ রান করেছেন কুইন্টন ডি কক ও রাইলো রুশো। ২০২২ বিশ্বকাপে এই রেকর্ড গড়েছিলেন তারা।

এদিকে ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে সংযুক্ত আরব আমিরাত। ৬ বলে ৮ রান করে আউট হন আরিয়ার্ন্স শর্মা। পরের উইকেটে খেলতে নেমে দলনেতা মোহাম্মদ ওয়াসিমের সঙ্গে ১০৭ রানের জুটি গড়েন আলিসান সারাফু। ফিফটি পূরণের পর ৫৫ রান করে আউট হন সারাফু। শেষ পর্যন্ত খেলে যান অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম।

ফিফটির পূরণের পর ৬৬ রানে অপরাজিত ছিলেন তিনি। মাত্র ৪৫ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি চারটি চার ও তিনটি ছয়ে সাজানো। আর ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রান করে সংযুক্ত আরব আমিরাত। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন ম্যাট হেনরি। আর একটি করে উইকেটের দেখা পেয়েছেন চারজন বোলার।

এমআই