Advertisement
Us Bangla Airlines
বিশ্বকাপের আগের দিন ভারতের স্কোয়াডে বড় পরিবর্তন

বিশ্বকাপের আগের দিন ভারতের স্কোয়াডে বড় পরিবর্তন

খেলা ডেস্ক

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৫

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ঠিক আগের দিনে ভারতের শিবিরে নেমে এলো দুঃসংবাদ। প্রস্তুতি ম্যাচে পাওয়া ইনজুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন পেসার হার্ষিত রানা। তার জায়গায় স্কোয়াডে জায়গা পেয়েছেন পেসার মোহাম্মদ সিরাজ। টুর্নামেন্টের পর্দা ওঠার একদিন আগে এই ধাক্কা ভারতের পরিকল্পনায় বড়সড় নাড়া দিয়েছেও বটে।

গত বুধবার মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোটে পড়েন হার্ষিত। ডান হাঁটুর ব্যথা নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। ম্যাচে মাত্র এক ওভার বোলিং করে দেন ১৬ রান। রানআপ নিতে গিয়ে এক ওভারে দু’বার থেমে যেতে হয় তাঁকে। কিছুক্ষণ পর হাঁটুর অস্বস্তি আর সামলাতে না পেরে মাঠ ছাড়েন এই ডানহাতি পেসার।

পরবর্তী স্ক্যানে ধরা পড়ে, হার্ষিতের ডান হাঁটুর লেটারেল মেনিস্কাস ছিঁড়ে গেছে। চিকিৎসকদের মতে, তাঁর অস্ত্রোপচার প্রয়োজন। ফলে বিশ্বকাপে তাঁর খেলা যে আর সম্ভব নয়, সেটাই কার্যত নিশ্চিত। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বিষয়টি ইঙ্গিত দিয়েছিলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবও।

সূর্যকুমার বলেছিলেন, ‘হার্ষিত খুব একটা ভালো অবস্থায় আছে বলে মনে হচ্ছে না। আজ আমরা পরিষ্কারভাবে জানতে পারব। যদি সে ছিটকে যায়, আমাদের জন্য সেটা বড় ধাক্কা হবে। তখন অন্য কম্বিনেশন খুঁজতে হবে। তবে আমাদের বেঞ্চ যথেষ্ট শক্তিশালী।’

হার্ষিতের ইনজুরির চূড়ান্ত রিপোর্ট নিয়ে বিসিসিআই আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছে শিগগিরই। তবে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে জানা গেছে, তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে অভিজ্ঞ পেসার মোহাম্মদ সিরাজকে। অর্থাৎ বিশ্বকাপ শুরুর আগের দিনই ভারতের স্কোয়াডে এসেছে বড় পরিবর্তন।

বিশ্বকাপের মঞ্চে নামার ঠিক আগে এমন ইনজুরি নিঃসন্দেহে ভারতীয় শিবিরের জন্য অস্বস্তিকর। এখন দেখার বিষয়, শেষ মুহূর্তের এই বদল ভারতের বোলিং কম্বিনেশনে কতটা প্রভাব ফেলে। উল্লেখ্য, দলটির পেস আক্রমণে আছেন বুমরাহ ও আর্শদ্বীপ সিং। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে রয়েছেন হার্দিক ও শিবাম দুবে। 

এমআই