Advertisement
Us Bangla Airlines
ম্যাচ বয়কটের পর নতুন বিপদে পাকিস্তান

ম্যাচ বয়কটের পর নতুন বিপদে পাকিস্তান

খেলা ডেস্ক

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৯

ভারতের সঙ্গে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়ার পর নতুন সংকটে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের এই সিদ্ধান্তকে মোটেও ভালোভাবে নেয়নি আইসিসি। ফলে বিদেশি খেলোয়াড়রা পিএসএলে অংশগ্রহণে সীমাবদ্ধতার মুখে পড়তে পারেন। এছাড়া বড় অঙ্কের আর্থিক জরিমানা হতে পারে বাবর আজমের দলসহ পুরো বোর্ডের।

ভারতীয় সংবাদমাধ্যম আইসিসির বরাত ধরে জানিয়েছে, পাকিস্তান যদি ভারত ম্যাচ না খেলে, তবে টিভি সম্প্রচারকারী সংস্থা আইনি পদক্ষেপ নিতে পারে। বিশ্বকাপের যাবতীয় ম্যাচ সম্প্রচার হবে জিওহটস্টারে। ভারত-পাক ম্যাচ না খেলার ফলে প্রচুর আর্থিক ক্ষতি হবে সম্প্রচারকারী সংস্থার। তাই আগামই সতর্কবার্তা দিয়েছে তারা।

আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ভারত বনাম পাকিস্তান মেগা ম্যাচ। পাকিস্তান সরকার ইতিমধ্যেই এই ম্যাচ না খেলার সিদ্ধান্ত পিসিবিকে জানিয়েছে। যদিও আইসিসিকে লিখিতভাবে কোনো কারণ জানানো হয়নি। এক পক্ষের অনুপস্থিতি মানে টিভি সম্প্রচার ও বিজ্ঞাপন থেকে ব্যাপক আর্থিক ক্ষতি।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এই ম্যাচ বয়কট করলে পাকিস্তানের বার্ষিক বরাদ্দের প্রায় ৩ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৬০০০ কোটি টাকা) আইসিসি সরাসরি সম্প্রচারকারী সংস্থার কাছে দিতে বাধ্য হতে পারে। বোর্ডের আইন পরামর্শক মহসিন নকভি ইতিমধ্যেই বিষয়টি আইনি পরামর্শের জন্য দেখছেন।

বোর্ড সূত্র জানাচ্ছে, আইসিসির ডিসপিউট রেজোলিউশন কমিটিতে পাকিস্তানের আপিল করার সুযোগ কম। কারণ কমিটি সাধারণত আইসিসির বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করে না। আইসিসি ও সম্প্রচারকারী সংস্থার মধ্যে ৪ বছরের চুক্তি রয়েছে। ম্যাচ না খেলার ঘটনা চুক্তি লঙ্ঘনের পর্যায়ে পড়ে। এই অবস্থায় আইনি পদক্ষেপ নেওয়া হলে বিপাকে পড়বে পাকিস্তান।

তবে আশা করা হচ্ছে, শেষ মুহূর্তে পাকিস্তান বোর্ড আবারও তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে। নাহলে বড় অঙ্কের জরিমানা ও পরবর্তী আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিষেধাজ্ঞার ঝুঁকি রয়ে যাবে, যা দেশটির ক্রিকেটের জন্য চরম লজ্জাজনক ঘটনা হিসেবে গণ্য হবে।

এমআই