Advertisement
Us Bangla Airlines
ভারত-পাকিস্তান মুখোমুখি হচ্ছে ১৫ ফেব্রুয়ারি

ভারত-পাকিস্তান মুখোমুখি হচ্ছে ১৫ ফেব্রুয়ারি

খেলা ডেস্ক

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৬

ভারত-পাকিস্তান ক্রিকেট মানেই উত্তাপ, মানেই অনিশ্চয়তা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ চলার মাঝেই ফের সেই চিরচেনা টানাপোড়েন ছড়িয়ে পড়েছে দুই দেশের ক্রিকেট অঙ্গনে। সম্প্রতি পাকিস্তান সরকার জানিয়েছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে তারা।

এই ঘোষণার পরই ভারত–পাকিস্তান দ্বৈরথ ঘিরে ক্রিকেট বিশ্বে তৈরি হয় ধোঁয়াশা। এর প্রভাব কি শুধু পুরুষদের ক্রিকেটেই সীমাবদ্ধ থাকবে, এ প্রশ্ন উঠতেই আলোচনায় আসে মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপ। আগামী ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হওয়ার কথা রয়েছে ভারত ও পাকিস্তানের নারী ‘এ’ দলের। তাতে জেগেছে কৌতূহল।

বর্তমান পরিস্থিতিতে ভারতের বিপক্ষে মূল জাতীয় দলের ম্যাচ যে অনুষ্ঠিত হচ্ছে না, তা প্রায় নিশ্চিত বলেই ধরে নেওয়া হচ্ছে। তবে মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের ‘এ’ দলের ম্যাচ নিয়ে এখন পর্যন্ত কোনো বাধা বা নিষেধাজ্ঞার ইঙ্গিত মেলেনি।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী নারী ‘এ’ দলের এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ারই কথা। বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের ঘোষণার মাত্র এক ঘণ্টার মধ্যেই পিসিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে নারী ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করে। ওই গ্রুপে পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারতের ‘এ’ দল, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল।

এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য বলছে, বিশ্বকাপে ম্যাচ বর্জনের সিদ্ধান্তের কোনো প্রভাব পড়ছে না এই নারী ‘এ’ দলের লড়াইয়ে। অর্থাৎ সবকিছু ঠিক থাকলে ১৫ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ভারত-পাকিস্তান দ্বৈরথ। তবে পুরুষদের বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে এখনো টলেনি বাবর আজমদের অভিভাবক সংস্থা।

এমআই