থাইল্যান্ডে বাংলাদেশের টানা ৪ জয়
খেলা ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৬, ২০:৩৪
দাপুটে ছন্দেই গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশের মেয়েরা। টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে টানা চতুর্থ জয়ের দেখা পেল নিগার সুলতানার দল। কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে আজ আয়ারল্যান্ডকে ৯ রানে হারিয়ে গ্রুপ পর্বে চার ম্যাচের চারটিতেই জয় তুলে নিল বাংলাদেশ।
টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ রান তোলে। লক্ষ্য তাড়ায় আয়ারল্যান্ডের মেয়েরা লড়াই করলেও শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেটে ১৪৪ রানেই থেমে যায়। এই জয়ের মধ্য দিয়েই আগেই নিশ্চিত করা সুপার সিক্স পর্বে নিজেদের আধিপত্য আরও শক্ত করল লাল-সবুজের প্রতিনিধিরা।
১৫৪ রানের লক্ষ্যে আইরিশদের শুরুটা ছিল চোখে পড়ার মতো। ওপেনার অ্যামি হান্টার রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার সময় স্কোরবোর্ডে ছিল ৭.৩ ওভারে ৫৩ রান। ১০.৪ ওভারে ৭১ রানে প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড। হান্টারের বদলে নামা ওরলা প্রেন্ডারগাস্ট ১২ রানে ফিরলেও একপ্রান্ত আগলে ৫৮ বলে ৭৩ রানের দারুণ ইনিংস খেলেন গ্যাবি লুইস।
তবে শেষ দিকে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে আর সমীকরণ মেলাতে পারেনি আয়ারল্যান্ড। শেষ ৪ ওভারে প্রয়োজন ছিল ৪৩ রান, হাতে ছিল ৮ উইকেট। তবুও জয় ছুঁয়ে দেখা হয়নি তাদের।
এর আগে ব্যাট হাতে বাংলাদেশের শুরুটা ছিল কিছুটা নড়বড়ে। দলীয় ১৩ রানে ওপেনার জুরাইয়া ফেরদৌস ফিরলেও দ্বিতীয় উইকেটে ৭০ রানের জুটি গড়ে ইনিংস সামাল দেন দিলারা আক্তার ও শারমিন আক্তার। দিলারা করেন ২৭ বলে ৩৫ রান। ধারাবাহিক ব্যাটিংয়ের পুরস্কার হিসেবে ৪৫ বলে ৫২ রানের ফিফটি তুলে নেন শারমিন।
অধিনায়ক নিগার সুলতানা যোগ করেন ১৩ বলে ১৩ রান। শেষদিকে ঝড়ো ব্যাটিংয়ে স্কোর বাড়ান সোবহানা মোস্তারি, তার ব্যাট থেকে আসে ১৬ বলে ৩০ রান। সব মিলিয়ে লড়াকু সংগ্রহ ১৫৩ রান দাঁড় করায় বাংলাদেশ।
এমআই