Advertisement
Us Bangla Airlines
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৭ ক্রিকেটার, জায়গা পাচ্ছেন যারা

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৭ ক্রিকেটার, জায়গা পাচ্ছেন যারা

খেলা ডেস্ক

৩১ জানুয়ারি ২০২৬, ১৩:১৬

নতুন বছরের শুরুতেই জাতীয় দলের ক্রিকেটারদের জন্য অপেক্ষার প্রহর গুনছে ক্রিকেটপাড়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তির তালিকা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ না হলেও ভেতরের খবর বলছে চূড়ান্ত প্রস্তুতি শেষ। এখন কেবল ঘোষণার অপেক্ষা।

২০২৬ সালের জন্য বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারের সংখ্যা বাড়ছে। গেল বছর যেখানে ২২ জন ক্রিকেটার ছিলেন চুক্তির আওতায়, এবার সেই সংখ্যা বাড়িয়ে করা হচ্ছে ২৭। অর্থাৎ জাতীয় দলের চুক্তির বৃত্তে ঢুকছেন নতুন মুখ, বাড়ছে প্রতিযোগিতা, বাড়ছে প্রত্যাশাও।

বিশ্বস্ত সূত্রের তথ্য অনুযায়ী, নতুন করে কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেতে যাচ্ছেন সাইফ হাসান, হাসান মুরাদ, পারভেজ হোসেন ইমন ও তানভীর ইসলাম। এই চারজনের জন্য এটি হতে যাচ্ছে প্রথমবারের মতো বোর্ডের কেন্দ্রীয় চুক্তির স্বাদ। সাইফ, পারভেজ, তানভীর সাদা বল ও হাসান মুরাদ লাল বলের ক্রিকেটের নিয়মিত মুখ।

চুক্তির মেয়াদ নির্ধারিত হয়েছে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। তবে ফরম্যাটভিত্তিক চুক্তিতে থাকছে কিছু পরিবর্তন। তিন ফরম্যাটের চুক্তিতে থাকছেন না তাসকিন আহমেদ। টেস্ট ছাড়া বাকি দুই ফরম্যাটে জাতীয় দলের বাইরে থাকায় তার নাম নেই পূর্ণাঙ্গ তালিকায়।

সব ফরম্যাট মিলিয়ে চুক্তিতে দেখা যেতে পারে কেবল টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। আগের মতোই এবারের তালিকায় জায়গা হয়নি নুরুল হাসান সোহানের। বেতন নিয়ে আগ্রহ থাকলেও আপাতত বড় কোনো সুখবর নেই। ২০২৬ সালে ক্রিকেটাররা আগের বেতন অনুযায়ীই কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত হচ্ছেন বলে জানা গেছে।

কেন্দ্রীয় চুক্তির সম্ভাব্য ২৭ ক্রিকেটার

নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলি অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম ও হাসান মুরাদ।

এমআই