বিশ্বকাপে খেলার সুযোগ পেতে পারে বাংলাদেশ!
খেলা ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৬, ১৩:৫১
টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে যে নাটকীয়তা, তা যেন থামছেই না। বরং নতুন মোড়ে আরও ঘনীভূত হচ্ছে। নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় গত শনিবার বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয় আইসিসি। বদলি হিসেবে সুযোগ পায় স্কটল্যান্ড। সেই সিদ্ধান্তে হতাশা আর ক্ষোভে ফুঁসছিল দেশের ক্রিকেট অঙ্গন।
বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপ বয়কটের কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গতকাল প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক শেষে বোর্ড প্রধান মহসিন নাকভি জানান, শুক্রবার অথবা সোমবারের মধ্যে তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। আর পাকিস্তান যদি সত্যিই সরে দাঁড়ায়, সেক্ষেত্রে বাংলাদেশকে ফেরানো হতে পারে বিশ্বকাপে।
পাকিস্তান ‘এ’ গ্রুপে থেকে শ্রীলঙ্কায় সব ম্যাচ খেলবে। তারা টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করলে, সেই গ্রুপেই বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। তখন বিসিবির দাবিমতো বাংলাদেশের সব ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়, যা লজিস্টিক দিক থেকেও তুলনামূলক সহজ সমাধান।
তবে এখানেই জটিলতা। নিয়ম অনুযায়ী কোনো দল সরে দাঁড়ালে বাছাইপর্ব থেকে বাদ পড়া পরবর্তী সর্বোচ্চ র্যাংকিংধারী দল সুযোগ পায়। যেমনটা হয়েছে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডের ক্ষেত্রে। তবুও হিন্দুস্তান টাইমস এক ভিন্ন তথ্য সামনে এনেছে।
তাদের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সরে দাঁড়ালে প্রথম সুযোগটাই দেওয়া হবে বাংলাদেশকে। এক আইসিসি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে তারা জানায়, এতে করে নিরাপত্তা ও লজিস্টিক, দুটো চ্যালেঞ্জই সহজে সামলানো যাবে।
এই অবস্থায় পাকিস্তানের সামনে তৈরি হয়েছে বড় দ্বিধা। যে বাংলাদেশের জন্য বিশ্বকাপ বর্জনের কথা ভাবা হচ্ছে, সেই বাংলাদেশই যদি শেষ পর্যন্ত তাদের জায়গায় খেলে, তাহলে সেটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। ক্রিকেট মহলে গুঞ্জন, পাকিস্তান আওয়াজ তুললেও আপাতত বিশ্বকাপ বয়কট করবে না।
এমআই