পাকিস্তানের বিশ্বকাপে যাওয়া নিয়ে সিদ্ধান্তের সময় আরও পেছাল
খেলা ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৬, ১৮:৪২
বিশ্বকাপে অংশগ্রহণ নাকি বয়কট, বিষয়টি নিয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ বিষয়ে আজ পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বৈঠকে বসলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। ফলে পাকিস্তানের বিশ্বকাপে যাওয়া নিয়ে সিদ্ধান্ত গ্রহণের সময় আরও পিছিয়ে পড়েছে।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, ‘আমি তাকে আইসিসি (বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে অন্যায়) সংক্রান্ত বিষয়টি অবহিত করেছি। তিনি নির্দেশ দিয়েছেন, সব বিকল্প পথ খোলা রেখে বিষয়টি সমাধান করতে। বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হয়েছে, চূড়ান্ত রায় আসবে হয় শুক্রবার, নয়তো আগামী সোমবার।’

নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে ভারতে সফর করতে সম্প্রতি অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। এরপর আইসিসির সঙ্গে একাধিক বৈঠক হলেও ভারতে না যেতে অনড় ছিল বিসিবি। তাতেই বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে। টাইগারদের পরিবর্তে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
ভারত-বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে নিরাপত্তা শঙ্কার কথা তুলে বাংলাদেশ আইসিসির কাছে ম্যাচগুলো সহ-আয়োজক শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল। তবে বাংলাদেশের দাবি আমলে নেয়নি ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। এতেই নড়েচড়ে বসে পাকিস্তান। বাংলাদেশকে বাদ দেওয়ায় কড়া বার্তাও দিয়েছে পিসিবি।

আইসিসির সিদ্ধান্ত ঘোষণার কয়েক ঘণ্টা আগেই মহসিন নাকভি মন্তব্য করেছিলেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণ করা হচ্ছে এবং তাদের টুর্নামেন্টে খেলার সুযোগ দেওয়া উচিত। সে সময় পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তার কথা জানান তিনি। নাকভি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী এখন দেশে নেই। তিনি ফিরলে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব।’
এদিকে বাংলাদেশের অনুপস্থিতিকে ক্রিকেটের জন্য দুঃখজনক আখ্যা দিয়েছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)। সংস্থাটির প্রধান নির্বাহী টম মফাট এক বিবৃতিতে বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানো ক্রিকেট জাতির অনুপস্থিতি আমাদের খেলাধুলার জন্য অত্যন্ত দুঃখজনক।’
এমআই