Advertisement
Us Bangla Airlines
বিপিএলে নতুন রেকর্ড গড়লেন শরিফুল ইসলাম

বিপিএলে নতুন রেকর্ড গড়লেন শরিফুল ইসলাম

খেলা ডেস্ক

২৩ জানুয়ারি ২০২৬, ২০:৩৮

ইনিংসের শেষ বলে নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে বিপিএলের নতুন রেকর্ডে নাম লেখালেন শরিফুল ইসলাম। বিপিএলে এক মৌসুমে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড এতদিন ছিল তাসকিনের। কেইন উইলিয়ামসন ও শান্তকে আউট করে সেই রেকর্ডটা নিজের নামে বাগিয়ে নিলেন শরিফুল।

চলতি বিপিএলে ১২ ম্যাচে ২৬ উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম। বিপিএলের ইতিহাসে এক আসরে আর কোনো বোলারের এমন সাফল্য নেই। এতদিন রেকর্ডটি ছিল তাসকিন আহমেদের দখলে। গত মৌসুমে দুর্বার রাজশাহীর হয়ে ১২ ম্যাচে ২৫ উইকেট নিয়েছিলেন তিনি।

ফাইনালের আগে তাসকিনের তুলনায় এক উইকেট পিছিয়ে ছিলেন শরিফুল। কেইন উইলিয়ামসনকে সুইংয়ে বোকা বানিয়ে ২৫তম উইকেট শিকার করেন এই বাঁহাতি বোলার। এরপর ইনিংসের শেষ বলে শান্তকে বাউন্সারে ক্যাচ দিতে বাধ্য করেন শরিফুল। এতেই ২৬ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি বনে যান পঞ্চগড় এক্সপ্রেস। 

সংখ্যার পাতাতেও শরিফুল ছিলেন দুর্দান্ত। পুরো আসরে ২৬৯ বল করে রান দিয়েছেন মাত্র ২৬২। গড় ১০.০৭, ইকোনমি ৫.৮৪—যেকোনো টি-টোয়েন্টি বোলারের জন্যই ঈর্ষণীয়। নোয়াখীল এক্সপ্রেসের বিপক্ষে ৯ রানে ৫ উইকেট ছিল তার সেরা বোলিং ফিগার। একই দলের বিপক্ষে প্রথম ম্যাচে নিয়েছিলেন ২ উইকেট।

রংপুর রাইডার্সের বিপক্ষে এক ম্যাচ ছাড়া টুর্নামেন্টজুড়ে কখনোই উইকেটশূন্য থাকেননি তিনি। এই আসরে তিনবার তিন উইকেট, চারবার দুই উইকেট—নিয়মিত সাফল্যের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত বিপিএলের সর্বোচ্চ উইকেটশিকারির মুকুট উঠছে শরিফুলের মাথায়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিলেট টাইটান্সের নাসুম আহমেদ, যিনি থেমেছেন ১৮ উইকেটে।

এমআই