বিপিএলে উইলিয়ামসনের খেলা নিয়ে সবশেষ যা জানা গেল
খেলা ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৬, ১৭:২১
বিপিএলের শেষের দিকে প্রায়ই হাজির হন জিমি নিশাম। তবে এবারের আসরে ব্যতিক্রম এক দৃশ্য। টুর্নামেন্টের মাঝপথেই রাজশাহী ওয়ারিয়র্সে যোগ দিয়েছেন কিউই এই অলরাউন্ডার। মাঠে নামার আগে আজ সোমবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন জাতীয় দলের সতীর্থ কেইন উইলিয়ামসনকে দলে ভেড়ানোর বার্তা।
সংবাদ সম্মেলনে জিমি নিশাম বলেন, ‘বিপিএলের শেষ ভাগে কেইন উইলিয়ামসনকে এখানে আসা নিয়ে আলোচনা হয়েছে। তবে সে এখনো এসএ২০ খেলছে, তাই কিছু ফলাফলের ওপর বিষয়টা নির্ভর করছে। তবু আঙুল ক্রস করে আছি। আশা করছি, ওকে বাংলাদেশে আনতে পারব। অনেক দিন হলো, সে এখানে আসেনি।’
বিপিএলে কিউই ক্রিকেটাররা কেন কম আসেন, সেটা স্পষ্ট করলেন নিশাম। তিনি বলেন, ‘ভারতে ওয়ানডে সিরিজ শেষ হয়েছে, সামনে টি-টোয়েন্টি সিরিজ। এর পাশাপাশি আমাদের হোম সামারও চলছে। ফলে সবাই খেলার মধ্যেই আছে। যোগাযোগটা হালকা হলেও নিয়মিত থাকে। সুযোগ এলে অবশ্যই সেটাকে কাজে লাগানোর চেষ্টা করব।’
রাজশাহীর পারফরম্যান্সে দারুণ তৃপ্ত নিশাম। তিনি আরও বলেন, ‘আমরা যেভাবে খেলছি, তা নিয়ে খুবই আত্মবিশ্বাসী। যেকোনো টুর্নামেন্টে শুরুতে লক্ষ্য থাকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা। আমরা সেই লক্ষ্যটা পূরণ করেছি। এর ফলে ফাইনালে ওঠার পথে একটা বাড়তি সুযোগও পেয়েছি, যদি প্রথম ম্যাচে কিছু ভুল হয়ে যায়।’
তবে অতীত সাফল্যে থেমে থাকতে নারাজ তিনি। নিশামের চোখ আগামী ম্যাচে। তার ভাষায়, ‘গত কয়েক ম্যাচে ভালো ফর্মে ছিলাম, সেটাই ধরে রাখতে চাই। কিন্তু আগামীকাল নতুন দিন, নতুন ম্যাচ। দুই দলই শূন্য থেকে শুরু করবে। তাই আবার নিজেদের প্রমাণ করতে হবে। আশা করি, ছন্দটা ধরে রাখতে পারব।’
এমআই