বিপিএলের দ্বাদশ আসরে ব্যাটে-বলে সেরা যারা
খেলা ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৬, ১২:২১
চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে বিপিএলের দ্বাদশ আসরে চ্যাম্পিয়নের মুকুট পরেছে রাজশাহী ওয়ারিয়র্স। নিলামের দিন থেকেই শক্তিমত্তার জানান দেওয়া দলটি দলগত পারফরম্যান্সে শিরোপা জিতলেও, ব্যক্তিগত নৈপুণ্যের শীর্ষ তালিকায় ব্যাটে কিংবা বলে রাজশাহীর কেউ জায়গা করে নিতে পারেননি।
ব্যাটিংয়ে এবারের আসরের সেরা ছিলেন সিলেট টাইটানসের পারভেজ হোসেন ইমন। ১২ ম্যাচে তার সংগ্রহ ৩৯৫ রান, সর্বোচ্চ ৬৫। তিনটি হাফ সেঞ্চুরিতে পুরো আসরজুড়ে ছিলেন ধারাবাহিক। দ্বিতীয় স্থানে রংপুর রাইডার্সের তাওহীদ হৃদয়। ১১ ম্যাচে তিনি করেছেন ৩৮২ রান। ১০৯ রানের দুর্দান্ত সেঞ্চুরির সঙ্গে ছিল তিনটি ফিফটি।
তৃতীয় ও চতুর্থ স্থানে রাজশাহীর দুই ব্যাটার। তানজিদ হাসান তামিম ১৩ ম্যাচে ৩৫৬ রান করে তিনে, সর্বোচ্চ ১০০। একটি সেঞ্চুরি ও একটি ফিফটি রয়েছে তার নামের পাশে। একেবারে কাছাকাছি থেকে চতুর্থ হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত—১৩ ম্যাচে ৩৫৫ রান, সর্বোচ্চ ১০১। শান্তর ঝুলিতেও আছে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি।
শীর্ষ পাঁচ পূর্ণ করেছেন রংপুরের ডেভিড মালান। ৯ ম্যাচে তার সংগ্রহ ৩০০ রান, সর্বোচ্চ ৭৮, সঙ্গে তিনটি ফিফটি।
বল হাতে এবারের বিপিএল ছিল মূলত শরিফুল ইসলামের একচ্ছত্র আধিপত্যের গল্প। রানার্সআপ চট্টগ্রাম রয়্যালসের এই পেসার ১২ ম্যাচে নিয়েছেন ২৬ উইকেট। ৯ রানে ৫ উইকেট নিয়ে গড়েছেন আসরের সেরা বোলিং ফিগার, ভেঙেছেন গত আসরে তাসকিন আহমেদের ২৫ উইকেটের রেকর্ড।
দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি সিলেটের নাসুম আহমেদ। ১২ ম্যাচে ১৮ উইকেট, সেরা বোলিং ৭ রানে ৫ উইকেট। তৃতীয় স্থানে রাজশাহীর রিপন মণ্ডল, ৮ ম্যাচে ১৭ উইকেট, সেরা ১৩ রানে ৪ উইকেট। চতুর্থ স্থানে যৌথভাবে আছেন নোয়াখালীর হাসান মাহমুদ, রাজশাহীর বিনুরা ফার্নান্দো ও রংপুরের মোস্তাফিজুর রহমান।
ব্যক্তিগত কীর্তির পাতায়ও ছিল বেশ কিছু ঝলক। আসরের সেরা ব্যক্তিগত ইনিংস খেলেছেন তাওহীদ হৃদয়, নোয়াখালীর বিপক্ষে তার ১০৯ রান। সর্বোচ্চ ১৯টি ছক্কা হাঁকিয়েছেন পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। আসরে মোট চারটি সেঞ্চুরি হয়েছে—হাসান ইসাখিল, হৃদয়, শান্ত ও তানজিদের ব্যাট থেকে।
ফিল্ডিংয়েও সমান তৎপরতা। সবচেয়ে বেশি ১০টি করে ক্যাচ নিয়েছেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। দলীয় সংগ্রহে যদিও কেউ দুইশ ছুঁতে পারেনি; সর্বোচ্চ রান ছিল ১৯৮, যা করেছিল চট্টগ্রাম, সিলেটের বিপক্ষে। সবমিলিয়ে ব্যক্তিগত মাইলফলকের তেমন উৎসব না দেখা গেলেও বিপিএলে মিলেছে দলগত পারফরম্যান্স।
এমআই