পাকিস্তানকে ৯–১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
খেলা ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৬, ১৬:১৯
ব্যাংককের কোর্টে যেন রীতিমতো গোলের ঝড়। গতকালের হার ভুলে আজ দুর্দান্ত প্রত্যাঘাত। পাকিস্তানকে ৯–১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ নারী দল। তাতে সাফ নারী ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়নের পথে আরও এক ধাপ এগিয়ে গেল লাল-সবুজের প্রতিনিধিরা।
থাইল্যান্ডের ব্যাংককে চলমান সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে পুরুষ দলের হারের পর আজ নারীরা দিলেন শক্ত জবাব। সাবিনা খাতুনের নেতৃত্বে শুরু থেকেই ম্যাচের রাশ ধরে রাখে বাংলাদেশ, আর শেষ পর্যন্ত তা রূপ নেয় একপেশে জয়ে।
প্রথমার্ধেই ম্যাচ কার্যত শেষ। ৬–০ গোলের লিড নেয় বাংলাদেশ। চলতি টুর্নামেন্টে কোনো দলই এক অর্ধে এত গোল করতে পারেনি। অধিনায়ক সাবিনা খাতুন গোলের খাতা খুলে আবার তিনিই প্রথমার্ধের ইতি টানেন। মাঝখানে নুসরাত করেন জোড়া গোল, নীলা ও কৃষ্ণা যোগ করেন একটি করে গোল।
দ্বিতীয়ার্ধেও দৃশ্যপট বদলায়নি। পাকিস্তান একটি গোল শোধ দিলেও বাংলাদেশের আক্রমণের ঢেউ থামাতে পারেনি। এই অর্ধে সাবিনা খাতুন আবারও জোড়া গোল করেন, কৃষ্ণা যোগ করেন নিজের দ্বিতীয় গোল। পুরো ম্যাচজুড়েই ধারাভাষ্যকারদের কণ্ঠে ঘুরেফিরে এসেছে সাবিনার প্রশংসা।
ছয় ম্যাচের লিগ ভিত্তিক এই টুর্নামেন্টে সাত দল অংশ নিচ্ছে। পাঁচ ম্যাচ শেষে বাংলাদেশ ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে। চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। আজ দিনের শেষ ম্যাচে ভারত–ভুটান লড়াই যদি ড্র হয়, তবে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের শিরোপা নিশ্চিত হবে।
এমআই