Advertisement
Us Bangla Airlines
বিশ্বকাপ বয়কটের গুঞ্জনের মাঝেই পাকিস্তানের স্কোয়াড ঘোষণা

বিশ্বকাপ বয়কটের গুঞ্জনের মাঝেই পাকিস্তানের স্কোয়াড ঘোষণা

খেলা ডেস্ক

২৫ জানুয়ারি ২০২৬, ১৪:২২

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর দুই সপ্তাহও বাকি নেই। অথচ মাঠের বাইরের নাটকে এখনো ইতি টানতে পারছে না আইসিসি। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে যুক্ত করেছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির এমন অন্যায্য আচরণে বিশ্বকাপ বয়কটের খবর শুনিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি। 

পিসিবির মতে, বাংলাদেশের সঙ্গে ‘অন্যায়’ হয়েছে। ক্রিকেটে এমন অন্যায় তারা আইসিসি থেকেও আশা করে না বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি। তবে এতসব কড়া বার্তার মাঝেই বিশ্বকাপের জন্য নিজেদের ১৫ সদস্যের স্কোয়াড করেছে পিসিবি। দলটিতে ওয়াসিম জুনিয়রের জায়গায় সুযোগ পেয়েছেন উসমান তারিক।

দলের নেতৃত্বে আছেন সালমান আলী আঘা। টি-টোয়েন্টি দলে আগেই ফেরা বাবর আজম বিশ্বকাপ স্কোয়াডেও নিজের জায়গা ধরে রেখেছেন। তবে সবচেয়ে বড় চমক, মোহাম্মদ রিজওয়ানকে বাদ দিয়েই বিশ্বকাপে নামছে পাকিস্তান।

এই স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে সালমান আলী আঘা, ফাহিম আশরাফ, খাজা মোহাম্মদ নাফে, মোহাম্মদ সালমান মির্জা, সাহিবজাদা ফারহান ও উসমান তারিক—এই ছয়জন প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে পা রাখতে যাচ্ছেন। অন্যরা সবাই অন্তত একবার হলেও বিশ্বকাপের স্বাদ পেয়েছেন।

গ্রুপ ‘এ’-তে পাকিস্তানের প্রতিপক্ষ ভারত, নেদারল্যান্ডস, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। ৭ ফেব্রুয়ারি কলম্বোতে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। আর ১৫ ফেব্রুয়ারি অপেক্ষা করছে ক্রিকেটবিশ্বের অন্যতম আলোচিত লড়াই, ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ।

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড

সালমান আলী আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফে (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহীন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান (উইকেটরক্ষক), উসমান তারিক।

এমআই