বিপিএলে নিজের সেরা ৫ উইকেটের গল্প শোনালেন শরিফুল
খেলা ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৬, ১৪:২০
ট্রফির হাসি না থাকলেও, বল হাতে ইতিহাস লিখে বিপিএলের দ্বাদশ আসর শেষ করেছেন শরিফুল ইসলাম। সদ্যসমাপ্ত আসরে চট্টগ্রাম রয়্যালস রানারআপ হলেও, পুরো টুর্নামেন্টজুড়ে আলোটা ছিল এই বাঁহাতি পেসারের দিকেই। সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পাশাপাশি হয়েছেন টুর্নামেন্টসেরা ক্রিকেটার—যা বিপিএলের ইতিহাসে এক অনন্য কীর্তি।
সমাপ্ত বিপিএলে শরিফুলের শিকার ২৬ উইকেট। এর মধ্যে সবচেয়ে স্পেশাল স্মৃতি নোয়াখালীর বিপক্ষে পাওয়া পাঁচ উইকেট। ম্যাচ শেষে নিজের সেরা ৫ উইকেট নিয়ে করা প্রশ্নে শরিফুল বলেন, ‘মনে হয় টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট পাওয়া অনেক কঠিন। ওই দিনের বোলিং ফিগারটাকেই আমি এগিয়ে রাখব।’
এই ধারাবাহিক পারফরম্যান্স হঠাৎ করে আসেনি, এ কথাও খোলাসা করলেন শরিফুল। পাশাপাশি নিজের উন্নতির পেছনে টিম ম্যানেজমেন্ট ও ব্যক্তিগত অ্যানালিস্টের অবদানও তুলে ধরেন শরিফুল।
ম্যাচ শেষে তিনি আরও বলেন, ‘আগে এক ম্যাচ ভালো গেলে পরের কয়েকটা ম্যাচ খারাপ যেত। এবার চেষ্টা করেছি কীভাবে ভালো ফর্ম ধরে রাখা যায়। আমার একটা পারসোনাল অ্যানালিস্ট আছে, তার সঙ্গে নিয়মিত কথা বলি। টিম ডিরেক্টর সুমন স্যারের সঙ্গেও দারুণ বোঝাপড়া, সবসময় ভালো পরামর্শ দিয়েছেন।’
টানা ম্যাচ খেলার ধকল সামলে এখন শরিফুলের মনোযোগ ফিটনেসে। ১২ ম্যাচের ব্যস্ত সূচি শেষে বিশ্রাম আর রিকভারিকেই আপাতত সবচেয়ে জরুরি মনে করছেন তিনি। শরিফুল বলেন, ‘আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে ইনজুরির ভয় তো থাকেই। টানা খেলেছি, এখন রেস্ট নিয়ে আবার রিকভারি করব।’
একজন পেসার হয়েও ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়া শরিফুল আলাদাভাবে উচ্ছ্বসিত করেছে। পঞ্চগড় থেকে উঠে আসা এই তারকা আরও বলেন, ‘ভালো লাগছে যে এবার একজন বোলার টুর্নামেন্টসেরা হয়েছে। গতবার তাসকিন ভাই (আসলে মিরাজ), এবার আমি। ইনশাআল্লাহ সামনে বোলাররা আরও ডমিনেট করবে।’
এমআই