Advertisement
Us Bangla Airlines
তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে বাংলাদেশ

তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে বাংলাদেশ

খেলা ডেস্ক

২২ জানুয়ারি ২০২৬, ২১:০৫

বিশ্বকাপ বাছাইপর্বে দাপুটে জয়ে ‘এ’ গ্রুপের প্রথম দল হিসেবে সুপার সিক্সে পৌঁছে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কীর্তিপুরে তৃতীয় ম্যাচে নামিবিয়াকে ৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এই অর্জন নিশ্চিত করে লাল-সবুজের মেয়েরা। এই জয়ের মাধ্যমে তিনটি ম্যাচে ছয় পয়েন্ট সংগ্রহ করে সুপার সিক্সে পা রাখলো জ্যোতিরা।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। ওপেনার দিলারা আক্তারের দুর্দান্ত সূচনা আর স্বর্ণা আক্তার ফিনিশিংয়ে অবদান রেখে দলকে মোটামুটি ভালো অবস্থানে নিয়ে আসেন। এছাড়া দলের স্কোরে গুরুত্বপূর্ণ অবদান রাখেন সোবহানা মোস্তারি ও নিগার সুলতানা জ্যোতি।

ব্যাট হাতে সর্বোচ্চ ২৭ রান করেছেন গেল বিশ্বকাপে দুর্দান্ত খেলা মোস্তারি। এছাড়া ২৫ রান করেন ওপেনার দিলারা আক্তার, ২৩ রান স্বর্ণা আক্তার, ২১ রান নিগার সুলতানা জ্যোতি, ১৩ রান শারমিন আক্তার এবং ১১ রান করেন রাবেয়া খান। বাকি কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

১৪৫ রান তাড়া করতে নেমে নামিবিয়া ব্যাটাররা বাংলাদেশি বোলারদের সামনে দাঁড়াতে পারেনি। দুই অঙ্কের ঘর স্পর্শ করেছেন মাত্র দু’জন: ওপেনার সুনে উইটম্যান ১৯ রান এবং উইকেটরক্ষক গোরাসেস ১২ রান করেছেন। বাকি ব্যাটাররা টাইগ্রেস বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা। আর তিনটি করে উইকেট পেয়েছেন রাবেয়া খান ও ফাহিমা খাতুন।

এমআই