অধিনায়কের ব্যাটে ঝড়, ২৬ রানের জয় পেল বাংলাদেশ
খেলা ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৬, ১৬:২০
বাংলাদেশ নারী ক্রিকেট দলে দেখা গেল আত্মবিশ্বাসের ঝলক। বিশ্বকাপ বাছাইয়ের মূল পর্বের আগে প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসকে উড়িয়ে দিয়েছে টাইগ্রেসরা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটে ঝড় আর বল হাতে রাবেয়া খানের ঘূর্ণিতে নেদারল্যান্ডসকে ২৬ রানে হারিয়ে জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী দল।
নেপালের কীর্তিপুরে বুধবার টস হেরে ব্যাট করতে নেমে প্রথমে চাপের মধ্যে পড়েছিল বাংলাদেশ। প্রথম ওভারে দিলারা আক্তার দোলা (৬ বলে ৬) এবং চতুর্থ ওভারে অভিষেক স্কোয়াডের জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা (৫ বলে ২) ফিরে গেলে স্কোর দাঁড়ায় মাত্র ১২ রান। তখনই দায়িত্ব কাঁধে তুলে নেন অধিনায়ক জ্যোতি।
সোবহানা মোস্তারিকে সঙ্গে নিয়ে ১০১ বলে ১৩৯ রানের বড় জুটি গড়েন এই দুই ব্যাটার। শেষ বলে রানআউট হওয়ার আগে সোবহানা করেন ৫৮ বলে ৫৯ রান, যেখানে ছিল ৪টি চার ও ১টি ছক্কা। অপর প্রান্তে জ্যোতি অপরাজিত থেকে মাত্র ৫১ বলে ৭৫ রানের ঝলমলে ইনিংস খেলেন।

জবাবে নেদারল্যান্ডসের ব্যাটাররা শুরু থেকেই রানের চাপে পড়ে। দলটির হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন স্টেয়ার ক্যালিস, ওপেনার ফিবি মোল্কেনবোর করেন ২৮। বাকিরা ম্যাচ জেতানোর মতো স্কোর করতে পারেননি। তাতে ৭ উইকেট হারিয়ে ১২৫ রানেই থেমে যায় ডাচ নারীদের ইনিংস।
টাইগ্রেসদের হয়ে রাবেয়া খান ৪ ওভারে ১৭ রান খরচায় ৩টি উইকেট নিয়েছেন। এছাড়া রিতু মনি নেন ২টি, নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন নেন একটি করে উইকেট।
থাইল্যান্ডের বিপক্ষে শুক্রবার শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। এরপর ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে মূল বাছাইপর্ব শুরু হবে। তবে টুর্নামেন্টের শুরুতে দুর্দান্ত ব্যাটিং আর বোলারদের ঝলক নিশ্চয়ই আত্মবিশ্বাসী করে তুলবে জ্যোতি-নাহিদাদের।
এমআই