Advertisement
Us Bangla Airlines
ফেব্রুয়ারিতেই লিটনদের নিয়ে তিন দলের নতুন টুর্নামেন্ট

ফেব্রুয়ারিতেই লিটনদের নিয়ে তিন দলের নতুন টুর্নামেন্ট

খেলা ডেস্ক

৩০ জানুয়ারি ২০২৬, ১৯:২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম বাদ পড়ল বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে খেলতে যেতে রাজি না হওয়ায় বিসিবির আবেদন নাকচ করেছে আইসিসি। বড় এই শূন্যতার প্রভাব পড়তে পারে ক্রিকেটারদের মাঠের ছন্দ ও আর্থিক দিকেও। বিষয়টি মাথায় রেখেই বিকল্প টুর্নামেন্ট আয়োজনের পথে হাঁটছে বিসিবি।

জাতীয় দলের ক্রিকেটারদের খেলার মধ্যে রাখা এবং সম্ভাব্য আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে দিতে তিন দলের নতুন একটি ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্তে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

খোঁজ নিয়ে জানা গেছে, বিসিবি আপাতত তিন দল নিয়েই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে। যেখানে জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি অংশ নেবেন এইচপি ও ‘এ’ দলের খেলোয়াড়রাও। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ ফেব্রুয়ারি থেকে মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াতে পারে এই নতুন টি-টোয়েন্টি আসর।

টুর্নামেন্টের বিস্তারিত কাঠামো ও দলবিন্যাস নিয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে রোববার। এই টুর্নামেন্টে ক্রিকেটারদের জন্য থাকছে আকর্ষণীয় পারিশ্রমিকের ব্যবস্থাও।

বৃহস্পতিবার গণমাধ্যমকে মাহবুব-উল-আলম বলেন, ‘আর্থিক বিষয় তো জড়িয়ে আছেই, তবে সবার আগে নিরাপত্তার প্রশ্ন। উপদেষ্টা বোর্ডের সঙ্গে আলোচনা হয়েছে। দেশেই আরেকটি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। বিসিবির মাধ্যমেই সব হবে, সরকার সরাসরি আয়োজন করবে না। বিস্তারিত বিসিবি সভাপতি জানাবেন।’

বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় অন্যান্য ক্রিকেটারদেরও এই টুর্নামেন্টে খেলার সুযোগ দেওয়া হবে বলে জানান তিনি। মাহবুব বলেন, ‘জাতীয় দলে তো ১৫-২০ জন খেলোয়াড়। টুর্নামেন্ট করলে  বিশ্বকাপ দলে থাকা খেলোয়াড়রা তো থাকবেনই, এর বাইরেও যারা প্রমিনেন্ট ক্রিকেটার আছে, তাদের অন্তর্ভুক্ত করতে হবে।’

এমআই