দুর্নীতির দায়ে অভিযুক্ত রংপুরের সাবেক ক্রিকেটার
খেলা ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৬, ১৮:০৪
দুর্নীতির অভিযোগে বড় ধরনের ধাক্কা খেলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাতানো যুক্তরাষ্ট্রের ক্রিকেটার অ্যারন জোন্স। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি বিরোধী কোড ভঙ্গের অভিযোগে তাঁকে সাময়িকভাবে সব ধরনের ক্রিকেট থেকে বরখাস্ত করা হয়েছে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জোন্সের বিরুদ্ধে মোট পাঁচটি ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলোর সূত্র ২০২৩–২৪ মৌসুমে বার্বাডোজে অনুষ্ঠিত ‘বিম-১০’ টুর্নামেন্ট, যা সিডব্লিউআইয়ের দুর্নীতি বিরোধী কোডের আওতাভুক্ত। এর মধ্যে দুটি অভিযোগ আন্তর্জাতিক ম্যাচ সংশ্লিষ্ট হওয়ায় সেগুলো পড়ছে আইসিসির কোডের অধীনে।
সিডব্লিউআইয়ের অভিযোগ অনুযায়ী, বিম-১০ টুর্নামেন্টে ম্যাচের কোনো অংশ পাতানো বা পাতানোর চেষ্টা, দুর্নীতিমূলক প্রস্তাব সম্পর্কে তথ্য গোপন এবং নির্দিষ্ট দুর্নীতি বিরোধী কর্মকর্তার তদন্তে সহযোগিতা না করার মতো গুরুতর অপরাধে অভিযুক্ত জোন্স।

দুর্নীতির প্রস্তাবের পূর্ণ বিবরণ এসিইউকে না জানানো এবং তদন্তের গুরুত্বপূর্ণ তথ্য গোপন বা বিকৃত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। স্বয়ং আইসিসি অ্যারন জোন্সের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছে।
এই তদন্তকে আইসিসি বৃহত্তর পরিসরের অংশ হিসেবে উল্লেখ করেছে। সংস্থাটি ইঙ্গিত দিয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে আরও ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ আসতে পারে। জোন্সকে ২৮ জানুয়ারি থেকে অভিযোগগুলোর জবাব দেওয়ার জন্য ১৪ দিনের সময় দেওয়া হয়েছে। শাস্তিমূলক কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না আইসিসি।
বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের কাছে অ্যারন জোন্স পরিচিত নাম। বিপিএলে রংপুর রাইডার্স ও সিলেট টাইটানসের স্কোয়াডে ছিলেন তিনি। রংপুরের জার্সিতে এক ম্যাচ খেললেও সিলেটের হয়ে একাধিক ম্যাচ খেলেছেন এই ব্যাটার। সর্বশেষ বিপিএল আসরে তাঁর যোগ দেওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।
৩১ বছর বয়সী জোন্স যুক্তরাষ্ট্রের হয়ে খেলেছেন ১০০টি আন্তর্জাতিক ম্যাচ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তিনি নিয়মিত মুখ। মেজর লিগ ক্রিকেটে সিয়াটল ওরকাস এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট লুসিয়া কিংসের হয়ে খেলেছেন। ২০২৪ সালে সেন্ট লুসিয়া কিংসের শিরোপা জয়ের ফাইনালে দলের সর্বোচ্চ রানও করেছিলেন তিনি।
এমআই