মালদ্বীপকে ১৪–২ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
খেলা ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৬, ১৫:০৯
গোলের বন্যা, আধিপত্যের প্রদর্শনী আর ট্রফির উল্লাস। সাফ ফুটসালের ইতিহাসে নিজেদের নামটা সোনালি অক্ষরে লিখে রাখল বাংলাদেশ নারী দল। অভিষেক আসরেই চ্যাম্পিয়ন সাবিনা খাতুনরা। শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪–২ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা নিশ্চিত করেছে লাল-সবুজের মেয়েরা।
দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) প্রথমবারের মতো নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্ট আয়োজন করে। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সাত দলের মধ্যে সর্বোচ্চ ১৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ছয় ম্যাচে সাবিনা-মাসুরারা গোল করেছেন ৩৮টি, হজম করেছেন মাত্র ৯টি।
শিরোপা নিশ্চিত করতে অবশ্য শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। গত পরশু ভারত–ভুটান ম্যাচ ড্র হলে আগেই চ্যাম্পিয়ন হয়ে যেত বাংলাদেশ। কিন্তু ভুটানের জয়ে হিসাব বদলে যায়। ফলে আজকের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জয়টাই হয়ে ওঠে বাধ্যতামূলক। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে সেই কাজটা নিখুঁতভাবেই সেরে রাখে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই মালদ্বীপের রক্ষণে তাণ্ডব চালান সাবিনারা। প্রথমার্ধেই ৬–১ গোলে এগিয়ে ড্রেসিংরুমে ফেরে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে ওঠে আক্রমণ। আসে আরও ৮টি গোল। ১৪ গোল—এই টুর্নামেন্টে এক ম্যাচে কোনো দলের সর্বোচ্চ গোলের কীর্তি।
অধিনায়ক সাবিনা খাতুন একাই করেন ৪টি গোল। পুরো টুর্নামেন্টে তার গোলসংখ্যা ১৩টি। ম্যাচের পর ম্যাচ ধারাভাষ্যকারদের কণ্ঠে ঘুরে ফিরেছে সাবিনার প্রশংসা। তার নেতৃত্বেই বাংলাদেশ টানা দুইবার সাফ নারী ফুটবল জয়ের পর এবার ফুটসালেও চ্যাম্পিয়ন।
পুরো টুর্নামেন্টজুড়ে বাংলাদেশ ছিল প্রায় অপ্রতিরোধ্য। প্রথম ম্যাচেই ভারতকে হারিয়ে শুরু। এরপর ভুটানের সঙ্গে ৩–৩ ড্র। তারপর শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপালকে একে একে হারিয়ে শিরোপার সুবাস পেতে থাকে লাল-সবুজ। শেষ ম্যাচে মালদ্বীপকে উড়িয়ে দিয়ে সেটাকে পরিণতি দেয় চ্যাম্পিয়নে।
এমআই