বিসিবির নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট, সূচি প্রকাশ
খেলা ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৬, ১৫:৪৮
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে যুক্ত হচ্ছে নতুন মাত্রা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধিভুক্ত ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) তত্ত্বাবধানে প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে ‘সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ’। আট দল নিয়ে শুরু হচ্ছে বিসিবির এই ব্যতিক্রমী উদ্যোগ।
টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে আগামীকাল শনিবার। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে দুপুর দেড়টায় ট্রফি উন্মোচন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়করা এবং বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আগামী ২৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে সিঙ্গেল লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। অংশ নিচ্ছে আট দল—দুরন্ত, দুর্বার, অদম্য, অদ্বিতীয়, অকুতোভয়, অনির্বাণ, অপরাজেয় ও অগ্রণী। লিগ পর্ব শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া শীর্ষ দুই দল সরাসরি ফাইনালে মুখোমুখি হবে। এই টুর্নামেন্টে থাকছে না কোনো সেমিফাইনাল।
খেলোয়াড়দের সুযোগ-সুবিধার বিষয়েও রেখেছে বিশেষ নজর। আবাসন, খাবার, পরিবহন এবং ম্যাচ পরিচালনার সব খরচ বহন করবে বিসিবি। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বিকেএসপি গ্রাউন্ড–১ ও ২, পূর্বাচলের ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড ও ক্রিকেটার্স একাডেমি গ্রাউন্ড (৩০০ ফিট) এবং বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে।
২০২৪–২৫ মৌসুমের পারফরম্যান্স ও সংশ্লিষ্ট ক্লাবগুলোর খেলোয়াড় তালিকা অনুযায়ী সিসিডিএম নির্বাচক প্যানেল ক্রিকেটারদের চারটি গ্রেডে (এ+, এ, বি ও সি) ভাগ করেছে। প্রতিটি দলে থাকবেন ১৫ জন খেলোয়াড়, সঙ্গে একজন স্ট্যান্ডবাই এবং কোচিং স্টাফসহ মোট ২০ জন সদস্য।
এই টুর্নামেন্টের আয়োজক কমিটির চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দিচ্ছেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ। ভাইস-চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দিপন। কমিটির সদস্য হিসেবে আছেন বিসিবি পরিচালক ফাইয়াজুর রহমান, ইশতিয়াক সাদেক, আহসান ইকবাল চৌধুরী ও আমজাদ হোসেন।
এমআই