সাকিবকে দলে ফেরানো নিয়ে নতুন খবর জানাল বিসিবি
খেলা ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৬, ১৩:২১
বাংলাদেশ ক্রিকেটের আকাশে আবারও ভাসছে সাকিব আল হাসানের নাম। প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফেরার আলো দেখতে শুরু করেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। রাজনৈতিক বাস্তবতায় দীর্ঘদিন দেশের বাইরে থাকা সাকিবকে ঘিরে সর্বশেষ অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত শনিবার জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, আগামী সিরিজগুলোতে সাকিবকে জাতীয় দলের জন্য বিবেচনায় রাখা হবে। বোর্ডের পক্ষ থেকে সরকারের কাছে বিষয়টি উত্থাপন করা হয়েছে, পাশাপাশি সাকিবকে দেশের মাটিতে অবসর নেওয়ার সুযোগ দেওয়ার ভাবনাও রয়েছে।
এ বিষয়ে অগ্রগতি কতটুকু, মঙ্গলবার গণমাধ্যমের প্রশ্নে আমজাদ হোসেন বলেন, ‘জি, জাতীয় দলে খেলার বিষয়ে (সাকিবের সঙ্গে) আলোচনা চলমান আছে।’
এর আগে শনিবারের সভায় বিসিবির সিদ্ধান্তের কথা ব্যাখ্যা করতে গিয়ে আমজাদ জানান, সাকিবের অ্যাভেইলিবিলিটি, ফিটনেস ও এক্সেসিবিলিটি এই তিনটি বিষয়ের ওপর ভিত্তি করেই তাকে ভবিষ্যৎ নির্বাচনের জন্য বিবেচনা করা হবে। যেখানে খেলা হবে, সেখানে উপস্থিত থাকার সক্ষমতা থাকলে সিলেকশন প্যানেল তার নাম ভাববে।
পাশাপাশি বিভিন্ন গ্লোবাল টুর্নামেন্টে অংশ নিতে প্রয়োজন অনুযায়ী এনওসি দিতেও প্রস্তুত বোর্ড। শুধু দলেই ফেরা নয়, সাকিবকে আবার বিসিবির কেন্দ্রীয় চুক্তির আওতায় আনার প্রস্তাবও দিয়েছে বিসিবি। তার বিরুদ্ধে থাকা মামলা ও আইনি জটিলতা নিয়েও সরকারের সঙ্গে আলোচনা করবে বোর্ড।
এমআই