মোস্তাফিজকে ৯.২০ কোটি দেওয়ার বিষয়ে যা বললো আইপিএল কর্তৃপক্ষ
খেলা ডেস্ক
০৬ জানুয়ারি ২০২৬, ১৫:৩৫
আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপি পেয়ে শিরোনামে উঠেছিলেন মোস্তাফিজুর রহমান। কিন্তু মাঠে নামার আগেই স্বপ্নটা এক নিমিষে ভেঙে গেল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে কলকাতা নাইট রাইডার্স আইপিএল শুরুর আগেই মোস্তাফিজকে ছেড়ে দেয়। তাতেই প্রশ্ন ওঠেছে নিলামে ওঠা টাকা পাবেন তো কাটার মাস্টার?
জানা গেছে, কলকাতা মোস্তাফিজকে আকস্মিক ছেড়ে দিলেও আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা প্রায় নেই তার। ব্যক্তিগত কোনো ত্রুটি বা শৃঙ্খলাভঙ্গ না থাকলেও কেন এমন পরিণতি, এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আইপিএলের বিমা নীতিমালায়।

গত মাসের আইপিএল নিলামে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসকে টপকে মোস্তাফিজকে দলে নেয় কলকাতা। কিন্তু ভারতের কয়েকটি হিন্দুত্ববাদী গোষ্ঠীর আন্দোলনের মুখে বিসিসিআই হস্তক্ষেপ করে, যার ফলেই চুক্তি বাতিল করতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি।
এই ঘটনায় পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খেলোয়াড়দের নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বাইরে নিজেদের ম্যাচ আয়োজনের দাবি তুলেছে বিসিবি। তবে এর বাইরেও আলোচনার টেবিলে ঠাঁই নিয়েছে মোস্তাফিজের ক্ষতিপূরণের বিষয়টি।

এ বিষয়ে পিটিআইকে নাম প্রকাশে অনিচ্ছুক এক আইপিএল-সংশ্লিষ্ট সূত্র বলেন, ‘আইপিএলের সব খেলোয়াড়ের বেতন বিমাকৃত। বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে সাধারণত ক্যাম্পে যোগ দেওয়ার পর বা টুর্নামেন্ট চলাকালে চোট পেলে ফ্র্যাঞ্চাইজি অর্থ পরিশোধ করে। বিমা থেকে সাধারণত সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত পাওয়া যায়।’
কিন্তু মোস্তাফিজের ক্ষেত্রে সেই নিয়ম খাটছে না। কারণ তার চুক্তি বাতিলের কারণ চোট বা পারফরম্যান্স নয়। ফলে কেকেআরের ওপর অর্থ পরিশোধের কোনো চুক্তিগত দায়ও তৈরি হয়নি। ওই সূত্রের ভাষায়, ‘এই পরিস্থিতি বিমার আওতায় পড়ে না। তাই কেকেআরের এক টাকাও দেওয়ার আইনি বাধ্যবাধকতা নেই।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি দুর্ভাগ্যজনক হলেও মোস্তাফিজের সামনে একমাত্র পথ আইনি ব্যবস্থা। তবে আইপিএল ভারতীয় আইনের অধীন, আর কোনো বিদেশি ক্রিকেটার সাধারণত এই পথে যেতে চান না। এমনকি কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসেও (সিএএস) নয়। এমন অনিশ্চয়তায় আইনি লড়াইয়ে নামার ঝুঁকি কেউ নিতে চাইবে না।’
সবমিলিয়ে, কোনো ক্ষতিপূরণ ছাড়াই আইপিএল থেকে সরতে বাধ্য হচ্ছেন মোস্তাফিজ। এর পেছনে ভারতীয় ক্রিকেট বোর্ডের পাশাপাশি দেশটির সরকারের বড় দায় দেখছেন সংশ্লিষ্টরা।
এমআই