মোস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই
খেলা ডেস্ক
০৩ জানুয়ারি ২০২৬, ১১:৫৪
বাংলাদেশ-ভারতের সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়েছে খেলার মাঠে। আইপিএলের নতুন মৌসুমের আগে বাংলাদেশ নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে বিসিসিআই।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাম্প্রতিক সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ভারতে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। তাতেই মোস্তাফিজকে বাদ দিয়ে হয়েছে আন্দোলন।
গত ডিসেম্বরে অনুষ্ঠিত আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে ভেড়ায় কলকাতা। আইপিএলের ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য যা সর্বোচ্চ মূল্য। বাংলাদেশি মোস্তাফিজকে দলে নেওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা ও বিতর্ক। যা শেষ পর্যন্ত বোর্ডের হস্তক্ষেপে গড়ায়।

এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে দেবজিৎ সাইকিয়া বলেন, ‘সাম্প্রতিক বিভিন্ন উন্নয়নের পরিপ্রেক্ষিতে বিসিসিআই কেকেআরকে তাদের বাংলাদেশি খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দিয়েছে। প্রয়োজনে বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতিও দেওয়া হবে।’
এই সিদ্ধান্ত কলকাতার জন্য কৌশলগত ও আর্থিক উভয় দিক থেকেই বড় ধাক্কা। ৯ কোটি ২০ লাখ রুপির বিনিয়োগে মোস্তাফিজকে ভাবা হয়েছিল ডেথ ওভারের প্রধান অস্ত্র হিসেবে। তাঁর বিখ্যাত কাটার, স্লোয়ার বল ও বাঁহাতি ভ্যারিয়েশন ইডেন গার্ডেন্সের ধীর পিচে কেকেআরের বোলিং আক্রমণকে দিত আলাদা মাত্রা।
তবে শেষ পর্যন্ত কলকাতার স্কোয়াড থেকে মোস্তাফিজ বাদ পড়লে স্লগ ওভারে বেশ বিপাকে পড়বে কলকাতা। সুনীল নারাইন, ক্যামেরন গ্রিন ও পাথিরানাকে ঘিরে যে পরিকল্পনা সাজানো হয়েছিল, তার গুরুত্বপূর্ণ অংশ ছিলেন মোস্তাফিজ। এবার তাকে ছেড়ে নতুন বিকল্প পাওয়াও কলকাতার জন্য হয়ে ওঠবে কঠিন বিষয়।
এমআই