দেশের প্রয়োজনে আইপিএলে পুরো মৌসুম খেলবেন না মোস্তাফিজ
খেলা ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৮
সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা ও লিটন দাসদের পর এবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলতে যাচ্ছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। নিলামেও ইতিহাস গড়েছেন তিনি। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৯ কোটি ২০ লাখ রুপিতে (প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা) দল পেয়েছেন ‘কাটার মাস্টার’।
তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই জাতীয় দলের ডাক পেতে যাচ্ছেন মোস্তাফিজ। আইপিএলের জন্য বিসিবি তাকে পুরো মৌসুমের এনওসি দিলেও, দেশের প্রয়োজনে টুর্নামেন্টের মাঝপথে তাকে ফিরতে হবে বাংলাদেশে। অন্তত ৮ দিনের জন্য জাতীয় দলের জার্সিতে মাতৃভূমিকে সেবা দিবেন তিনি।
আগামী বছরের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে বাংলাদেশ। ওই সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। এই সময় মোস্তাফিজ জাতীয় দলের হয়ে মাঠে নামবেন। ফলে ওই কয়েক দিনে তিনি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে পারবেন না।
বৃহস্পতিবার মিরপুরে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মোস্তাফিজকে পুরো আইপিএলের জন্য এনওসি দেওয়া হয়েছে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডের সময় সে দেশে ফিরবে। এই সময়টা মোট আট দিনের।’
বাংলাদেশ–নিউজিল্যান্ড সিরিজের চূড়ান্ত সূচি এখনও ঘোষণা হয়নি। ধারণা করা হচ্ছে, মার্চ-এপ্রিলের মধ্যেই সিরিজটি অনুষ্ঠিত হবে। অন্যদিকে, ২০২৬ সালের আইপিএল শুরু হতে পারে ২৬ মার্চ এবং ফাইনাল মাঠে গড়ানোর সম্ভাব্য তারিখ ৩১ মে।
এমআই