Advertisement
Us Bangla Airlines
মোস্তাফিজের বদলে নতুন ক্রিকেটার দলে নিল ক্যাপিটালস

মোস্তাফিজের বদলে নতুন ক্রিকেটার দলে নিল ক্যাপিটালস

খেলা ডেস্ক

২৭ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৬

ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-টোয়েন্টির চলতি আসরে মোস্তাফিজুর রহমান দল ছাড়ায় তার বদলি নিয়েছে দুবাই ক্যাপিটালস। ২৩ ডিসেম্বর পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) পাওয়া মোস্তাফিজ ২৪ তারিখ তার দলের ম্যাচ শেষ করে পরের দিন দেশে ফিরেছেন। এর ফলে দলের ব্যাটিং ও বোলিং কম্বিনেশনে পরিবর্তন আনা প্রয়োজন হয়।

ফ্র্যাঞ্চাইজিটি হঠাৎ বদল আনে এবং বাংলাদেশি বাঁহাতি পেসারের বিকল্প হিসেবে দলে যোগ করেছেন কানাডিয়ান পেসার কলিম সানা। দুবাই ক্যাপিটালস জানিয়েছে, ‘আসরের বাকি ম্যাচগুলোর জন্য মোস্তাফিজুর রহমানের জায়গায় আমাদের দলে যোগ দিয়েছেন গ্লোবাল সুপার লিগ (জিএসএল) তারকা কলিম সানা।’

মোস্তাফিজ আসরের শুরু থেকে দুর্দান্ত ফর্মে ছিলেন। ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন, ইকোনমি রেট ৮.০৮—টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটসংগ্রাহক। তার অনুপস্থিতিতে কলিম সানা দলের বোলিং ইউনিটে নতুন শক্তি যোগ করবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে মোস্তাফিজ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে খেলবেন। রাইডার্সরা আগামী সোমবার চট্টগ্রামের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে। এই বদল নিশ্চিতভাবে আইএলটির বাকি ম্যাচে দলের কম্বিনেশন ও পারফরম্যান্সে প্রভাব ফেলবে, আর মোস্তাফিজের নজর এখন বিপিএলে।

এমআই