Advertisement
Us Bangla Airlines
দেশ ছাড়লেন বুলবুল

দেশ ছাড়লেন বুলবুল

খেলা ডেস্ক

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৭

অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালনরত এই সাবেক অধিনায়কের গন্তব্য মেলবোর্ন। পরিবারের সঙ্গে অনেক আগে থেকেই অস্ট্রেলিয়ায় থাকেন বুলবুল। জানা গেছে, জরুরি কাজেই এবার মেলবোর্ন যাচ্ছেন তিনি।

দেশ ছাড়ার আগে বোর্ড পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা দেন বুলবুল। সেখানে তিনি নির্দেশ দেন, নিজ নিজ কমিটির কার্যক্রম যেন আগের মতোই স্বাভাবিকভাবে চলে। বিদেশে থাকলেও অনলাইনে সক্রিয় থাকবেন, প্রয়োজন হলে যেকোনো সহায়তা মিলবে, এ আশ্বাসও দিয়েছেন সভাপতি।

পরিচালকদের উদ্দেশে পাঠানো বার্তায় পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে বুলবুল লিখেছেন, ‘আমি শিগগিরই ফিরব।’ তবে হঠাৎ অস্ট্রেলিয়া যাওয়ায় নানান গুঞ্জন-গুজব ছড়ছে ক্রিকেট পাড়ায়। যদিও গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি জরুরি কাজে কয়েক দিনের জন্য অস্ট্রেলিয়া যাচ্ছি। কাজ শেষ হলে আবার ফিরে আসব।’

কিছুদিন আগেই গুঞ্জন উঠেছিল, স্থায়ীভাবেই অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন বিসিবি সভাপতি। পরে জানা যায়, তিনি দেশেই আছেন। তবে এবার সত্যিই উড়াল দিয়েছেন মেলবোর্নে। যেখানে তার পরিবার বসবাস করে, এবং যেখানে তিনি নিজেও দীর্ঘ সময় ধরে অবস্থান করছেন।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর বোর্ডে পরিবর্তনের জোর হাওয়া বইছে। ঠিক এমন সময় সভাপতির বিদেশযাত্রা ক্রিকেট অঙ্গনে তৈরি করেছে কৌতূহল ও কানাঘুষা। যদিও বুলবুলের বক্তব্য পরিষ্কার এ সফর সাময়িক, দায়িত্বে কোনো ছেদ পড়ছে না। তবুও সরকারে পরিবর্তনের পর ক্রিকেট পাড়ার গুঞ্জনও ভিন্ন কিছু উসকে দিচ্ছে।

এমআই