নারী বিপিএলের সূচি জানাল বিসিবি
খেলা ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৯
অবশেষে অপেক্ষার অবসান। মেয়েদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়ানোর দিনক্ষণ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া নারী বিপিএল অনুষ্ঠিত হবে আগামী ৩ থেকে ১৫ এপ্রিল। তিন দল নিয়ে শুরু হচ্ছে নতুন এই টুর্নামেন্ট।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টুর্নামেন্টের প্রাথমিক সূচি ও কাঠামো জানায় বিসিবি। দেশের নারী ক্রিকেটে এটিই হতে যাচ্ছে প্রথম ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট। জাতীয় দলের তারকাদের পাশাপাশি সুযোগ পাবেন উদীয়মান ক্রিকেটাররাও, যা ভবিষ্যতের পাইপলাইন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে বোর্ড।
দল গঠনে থাকবে ড্রাফট পদ্ধতি। স্থানীয় ক্রিকেটারদের ড্রাফট থেকে নিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে, যাতে দলগুলো ভারসাম্যপূর্ণ হয়। বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে থাকবে সরাসরি চুক্তির সুযোগ। বিসিবির লক্ষ্য, প্রথম আসরেই যেন নারী বিপিএলকে বৈশ্বিক মানের প্রতিযোগিতায় রূপ দেওয়া যায়।
এই টুর্নামেন্টের তত্ত্বাবধানে থাকছে নারী বিপিএল গভর্নিং কাউন্সিল, যার প্রধান বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রুবাবা দৌলা। ড্রাফটের তারিখ, ভেন্যু, ম্যাচ সূচি, সম্প্রচার স্বত্ব, ফ্র্যাঞ্চাইজির বিস্তারিত ও বাণিজ্যিক চুক্তি—সব তথ্য পর্যায়ক্রমে জানানো হবে বলে জানিয়েছে বোর্ড।
এর আগে ছেলেদের বিপিএল হয়েছে ১২টি আসর। সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ানস চারবারের চ্যাম্পিয়ন। ঢাকা তিনবার শিরোপা জিতেছে—দুইবার ঢাকা গ্ল্যাডিয়েটর্স (২০১২, ২০১৩) এবং একবার ঢাকা ডায়নামাইটস (২০১৬) নামে। সবশেষ ২৩ জানুয়ারি চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে শিরোপা জেতে রাজশাহী ওয়ারিয়র্স।
এমআই