বিসিবির সমঝোতায় কত টাকার লোকসান থেকে বাঁচল আইসিসি
খেলা ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৯
ভারত-পাকিস্তান ম্যাচ বিশ্ব ক্রিকেটের সবচেয়ে লাভজনক সমীকরণ। একটিমাত্র ম্যাচেই আইসিসি পায় বিপুল আয়, কিন্তু সম্প্রতি এই আয়ের পথ যেন বন্ধ হওয়ার মুখে ছিল। পাকিস্তান যদি ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপ গ্রুপ ম্যাচ বয়কট করত, আইসিসির জন্য সেটি বড় ধাক্কা হতো।
ইতোমধ্যে বিশ্বকাপ শুরু হলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ভারত-পাকিস্তান ম্যাচ। বিশ্ব ক্রিকেটের লোকসান থামাতে এ নিয়ে অনুরোধে জুড়েছে এশিয়ার একাধিক দেশ। তবে শেষ পর্যন্ত বিসিবির মধ্যস্থতা ও পাকিস্তানের হঠাৎ ইউ-টার্নে শ্বাসরুদ্ধ পরিস্থিতি থেকে মুক্তি মিলল আইসিসির।
সোমবার লাহোরে আইসিসি, পিসিবি ও বিসিবির বৈঠকের পর পাকিস্তান সরকার রাতে ভারত ম্যাচ খেলার অনুমোদন দেয়। ফলে ১৫ ফেব্রুয়ারি কলম্বোর মাঠে দুই জায়ান্ট মুখোমুখি হওয়ার পথে সব অনিশ্চয়তা কেটে গেছে। এই সিদ্ধান্ত আইসিসিকে রক্ষা করেছে ১৭ কোটি ৪০ লাখ ডলারের ক্ষতির হাত থেকে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৯৮৫ কোটি টাকা।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর সূত্রে জানা গেছে, পাকিস্তান যদি অনড় থাকত, ব্রডকাস্টিং, গেট মানি ও স্পন্সরশিপসহ মোট লোকসান হতো এই বিপুল অঙ্ক। তবে বিসিবি ও আইসিসির মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ক্রিকেটের সবচেয়ে কাঙ্ক্ষিত ম্যাচটি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।
পাকিস্তান সরকার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, ‘বহুপাক্ষিক আলোচনার ফলাফল এবং বন্ধুপ্রতিম দেশের অনুরোধের প্রেক্ষিতে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে খেলার অনুমতি দেওয়া হয়েছে।’ তবে এতে বড় লাভটা হয়েছে আইসিসির।
এমআই